ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি ফয়জুলের ১৭ দফা ইশতেহার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। আজ বেলা সাড়ে ১১টার দিকে নগরের বান্দ রোডের একটি রেস্তোরাঁয়
ছবি: প্রথম আলো

নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন বরিশাল সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম। ১৭ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে তিনি বলেন, ‘বরিশাল নগরে দীর্ঘদিনের সীমাহীন অনিয়ম, বহুবিধ দুর্ভোগ, মাত্রাতিরিক্ত দুর্নীতি, স্বজনপ্রীতি এবং উন্নয়ন কর্মকাণ্ডে অনৈতিক আধিপত্য নগরবাসীকে বিষিয়ে তুলেছে। তাই নগরজীবনে স্বস্তি, শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার জন্য আসন্ন সিটি করপোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনার সিদ্ধান্তের ওপর নির্ভর করছে বরিশাল নগরের ভবিষ্যৎ।’

আজ বৃহস্পতিবার দুপুরে নগরের বান্দরোডের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে মুফতি সৈয়দ ফয়জুল করিম তাঁর নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন। ইশতেহারে তিনি গৃহকর (হোল্ডিং ট্যাক্স) ও সব ধরনের লাইসেন্স ফি সহনশীল পর্যায়ে আনার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে হকারদের জন্য স্বতন্ত্র হকার্স মার্কেট নির্মাণ, শহরের সবুজায়ন ও শোভা বর্ধন করতে বিশেষ প্রকল্প, ভোলা থেকে বরিশালে গ্যাস–সংযোগ আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, পথচারীদের জন্য ফুটপাতগুলো প্রশস্ত করা, অসহায়, গরিব ও ছিন্নমূল মানুষের জন্য বিনা মূল্য চিকিৎসার ব্যবস্থা, পায়ে চালিত রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ, নারীদের জন্য পৃথক মার্কেট, অপসংস্কৃতির আগ্রাসন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে ‘সম্প্রীতি পরিষদ’ গঠনের কথা বলেছেন।

আরও পড়ুন

মুফতি ফয়জুলের প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে—
১. বরিশাল নগরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ভেজাল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরীতে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা হবে। ভিক্ষুকদের অসহায়ত্ব দূরীকরণে ব্যবস্থা নেওয়া হবে।
২. গৃহকর ও সব ধরনের লাইসেন্স ফি সহনশীল পর্যায়ে আনা হবে। স্বল্প খরচে কোনো প্রকার বিড়ম্বনা ছাড়াই নতুন বাড়ির জন্য নকশা অনুমোদন করা হবে। হকারদের জন্য স্বতন্ত্র হকার্স মার্কেট নির্মাণ করা হবে।
৩. নগরে টেকসই ও উন্নত রাস্তাঘাট নির্মাণ করা হবে। নদীভাঙন রোধে বাঁধ নির্মাণ করা হবে। শহরের সবুজায়ন ও শোভা বর্ধন করতে বিশেষ প্রকল্প গ্রহণ করা হবে। পয়োনিষ্কাশনের জন্য আধুনিক মানের ড্রেন নির্মাণ ও খাল খনন করা হবে। নগরের জলাবদ্ধতা নিরসন করা হবে।
৪. নগরের জনবহুল এলাকায় পুরুষ ও নারীদের জন্য পৃথক আধুনিক গণশৌচাগার নির্মাণ করা হবে। ভোলা থেকে বরিশালে গ্যাস–সংযোগ আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
৫. প্রতিটি রাস্তায় পর্যাপ্ত সড়কবাতির ব্যবস্থা করা হবে। পথচারীদের জন্য ফুটপাতগুলো প্রশস্ত করা হবে। আধুনিক ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হবে। রাস্তাঘাটের অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি বন্ধ করতে বছরের শুরুতে নগরীর সঙ্গে সম্পৃক্ত সব সংস্থার সঙ্গে সমন্বয় সভা করে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা হবে।
৬. শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। অসহায়, গরিব ও ছিন্নমূল মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সিটি করপোরেশনের উদ্যোগে বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। গরিব নারীদের গর্ভকালীন চিকিৎসা বিনা মূল্যে করা হবে। সিটি করপোরেশনের উদ্যোগে বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হবে।
৭. মসজিদ, মন্দির ও গির্জাভিত্তিক ধর্মীয় শিক্ষা চালু করা হবে। শিক্ষাবৃত্তি কার্যক্রম চালু করা হবে। কম্পিউটার, আউটসোর্সিং ও বহুমুখী কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হবে।
৮. পরিচ্ছন্ন নগর গড়ার লক্ষ্যে ‘ডোর টু ডোর’ বর্জ্য সংগ্রহ করা হবে। প্রতিটি এলাকায় ঢাকনাসহ ডাস্টবিনের ব্যবস্থা করা হবে। প্রতিদিন সূর্যোদয়ের আগেই সব ধরনের বর্জ্য নিরাপদ দূরত্বে নির্দিষ্ট স্থানে অপসারণ করা হবে। মহল্লাভিত্তিক মশক ও কীট নিধন কার্যক্রম পরিচালনা করা হবে।

আরও পড়ুন
আরও পড়ুন
নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ ফয়জুল করিম । আজ বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নগরের বান্দ রোডের একটি রেস্তোরাঁয়
ছবি: প্রথম আলো

৯. নগরের পিছিয়ে পড়া গরিব, ছিন্নমূল ও বস্তিবাসীদের শিক্ষা, চিকিৎসা ও আবাসনসহ সব সুবিধা অগ্রাধিকার ভিত্তিতে প্রদানের লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নেওয়া হবে। গুচ্ছগ্রামগুলো (বস্তি) চাঁদাবাজ ও মাদকমুক্ত করা হবে। গুচ্ছগ্রামবাসীদের জন্য নিরাপদ স্যানিটেশন ও জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।
১০. বরিশালকে মাদক, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার ও সিন্ডিকেটমুক্ত নগর হিসেবে গড়ে তোলা হবে।
১১. মানবিক কারণে পায়ে চালিত রিকশা, ভ্যান ও ঠেলাগাড়ির লাইসেন্স ফি মওকুফ করা হবে। ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক ও থ্রি হুইলারের জন্য সিটি করপোরেশন থেকে বিশেষ অনুমতিপত্র দেওয়া হবে।
১২. বিদেশগামী জনশক্তির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান ও সার্বিক সহযোগিতা করা হবে। দারিদ্র্যবিমোচনের লক্ষ্যে জাকাতভিত্তিক অর্থব্যবস্থা কার্যকরে পদক্ষেপ নেওয়া হবে। সিটি করপোরেশনের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে যেসব চাকরিজীবীকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, তাঁদের চাকরি পুনর্বহাল করা হবে।
১৩. নারী নির্যাতন, যৌতুক প্রথা ও ইভ টিজিং বন্ধে ব্যবস্থা নেওয়া হবে। নারীদের পৃথক কর্মসংস্থানের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা হবে। শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। নারীদের জন্য পৃথক মার্কেট গড়ে তোলা হবে।
১৪. নগরের প্রধান সড়কগুলোকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। সিটি করপোরেশনের উদ্যোগে কমিউনিটি পুলিশ ও নৈশপ্রহরী নিয়োগ করে নগরবাসীর নিরাপত্তা জোরদার করা হবে।
১৫. দেশীয় সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা ও অপসংস্কৃতির আগ্রাসন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক মূল্যবোধ পরিপন্থী নয়, এমন সব ক্রীড়া ও শিল্প-সংস্কৃতি বিকাশের সুযোগ দেওয়া হবে।
১৬. সব ধর্মের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলার লক্ষ্যে সব ধর্মের প্রতিনিধিদের নিয়ে ‘সম্প্রীতি পরিষদ’ গঠন করা হবে।
১৭. দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি ‘নগরবিশেষজ্ঞ কমিটি’ গঠন করা হবে। নগরের ওলামায়ে কেরাম, সাংবাদিক, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে ‘পরামর্শ পরিষদ’ গঠন করা হবে।

আরও পড়ুন

এই ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য মোসাদ্দিক বিল্লাহ আল মাদানি, ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি ইমতিয়াজ আলম, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নেছার উদ্দিন, ইসলামী আন্দোলনের বরিশাল মহানগর সভাপতি মুফতি এছহাক মোহাম্মদ আবুল খায়ের প্রমুখ।

ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী বলেন, ‘আপনারা সম্মিলিতভাবে বরিশালের সমস্যা সমাধান করতে চাইলে এবং বরিশালকে বাসযোগ্য, টেকসই, উন্নত, আধুনিক ও নিরাপদ নগর হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য আমি আপনাদের সমর্থন ও ভোট চাই।’