চলন্ত বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনায় আরও দুই আসামির জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালতে জবানবন্দি দেওয়ার পর আসামি বাবু হোসেন ও মো. সোহাগকে কারাগারে নেওয়া হচ্ছে। বুধবার বিকেলে টাঙ্গাইল আদালতে
ছবি: প্রথম আলো

কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঈগল এক্সপ্রেসের বাসে ডাকাতি ও দলবদ্ধ ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার আরও দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ বুধবার বিকেলে টাঙ্গাইলের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরিন করিমের আদালতে তাঁরা জবানবন্দি দেন।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া ওই দুই আসামি হলেন বাবু হোসেন ওরফে জুলহাস (২১) ও মো. সোহাগ (১৯)। জবানবন্দি গ্রহণের পর আসামিদের কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

বাবু হোসেন ঢাকার আশুলিয়া থানার গোইলবাড়ি গ্রামের জামিল হোসেনের ছেলে। আর মো. সোহাগ জামালপুরের মেলান্দহ উপজেলার শামছুল মণ্ডলের ছেলে। তিনি গাজীপুরের কাশিমপুরে থাকতেন। গত রোববার রাতে তাঁদের দুজনসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করে র‍্যাব। সোমবার তাঁদের টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ছয়জনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে জিজ্ঞাসাবাদের প্রথম দিনেই দুজন ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁরা আদালতে জবানবন্দি দিতে সম্মত হন। পরে তাঁদের আদালতে তোলা হয়।

আরও পড়ুন

মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আদালতের জবানবন্দিতে উভয়েই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং ঘটনার পুরো বর্ণনা দিয়েছেন।

এর আগে গ্রেপ্তার আসলাম তালুকদার (১৯), রাসেল তালুকদার (২৫), নাইম সরকার (১৯) ও আলাউদ্দিন (২৪) গতকাল আদালতে জবানবন্দি দেন। গত শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন রাজা মিয়া, মো. আওয়াল ও নুরনবী। এ নিয়ে এই মামলার ৯ আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।

আরও পড়ুন
আরও পড়ুন

২ আগস্ট সন্ধ্যায় কুষ্টিয়ার দৌলতপুর থেকে ঈগল এক্সপ্রেসের একটি বাস নারায়ণগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের একটি খাবারের হোটেলে বাসটি যাত্রাবিরতি নেয়। সেখান থেকে ছেড়ে আসার পর তিন দফায় যাত্রী সেজে ওই বাসে ওঠেন ডাকাত চক্রের সদস্যরা। বাসটি টাঙ্গাইল পার হওয়ার পর ডাকাতেরা অস্ত্রের মুখে বাসটির নিয়ন্ত্রণ নেন। তাঁরা যাত্রীদের বেঁধে সব লুটে নেন। এ সময় বাসে থাকা এক নারী যাত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়।

আরও পড়ুন