পুলিশ বলছে, মারধর নয়, বরিশালে প্রেমাকান্তের সঙ্গে ‘হাতাহাতি’ হয়েছে ওই যুবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমের টানে বাংলাদেশে আসা তামিলনাড়ুর যুবক প্রেমাকান্ত। গতজ শুক্রবার বিকেলে বরগুনার তালতলী উপজেলা সদরে জেলা পরিষদের ডাকবাংলোতে
ছবি: প্রথম আলো

ভারতের তামিলনাড়ু থেকে প্রেমের টানে বরিশালে আসা প্রেমাকান্তকে (৩৬) মারধরের অভিযোগের সত্যতা পায়নি বলে জানিয়েছে পুলিশ। পুলিশ বলছে, বরিশাল নগরের কাশিপুর এলাকায় ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পরীক্ষা করেছে তারা। গত ২৭ জুলাই প্রেমাকান্তের সঙ্গে চয়ন হালদার নামের আরেক যুবকের শুধু ‘হাতাহাতি’ হয়েছে।

এর ভিত্তিতে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, প্রেমাকান্তের অভিযোগগুলো তদন্ত করেছেন তাঁরা। তদন্তে তাঁর আনা অভিযোগগুলোর সত্যতা পাননি।

আরও পড়ুন

ওসি আরও বলেন, ‘প্রেমাকান্ত বারবার আমাকে অনুরোধ করেছিলেন ওই কিশোরীকে তাঁর সঙ্গে দিয়ে দিতে। অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ে বাংলাদেশে আইনত দণ্ডনীয় এবং মেয়েটির মতামত দেওয়ার বয়স হয়নি তা জানানোর পরও প্রেমাকান্ত একই দাবি করে যাচ্ছিলেন বারবার। পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে কমিশনের কর্মকর্তারা প্রেমাকান্তের সঙ্গে কথা বলেন এবং তাঁকে বোঝান। পরে হাইকমিশনের নির্দেশনা অনুযায়ী তাঁকে ঢাকার একটি বাসে তুলে দেয় পুলিশ। তারপর তিনি ঢাকায় না গিয়ে পুনরায় বরিশাল ফিরে আসেন।’

প্রেমাকান্ত প্রথম আলোকে জানিয়েছিলেন, তিনি গত ২৪ জুলাই বরিশালে আসেন। এরপর তিনি শহরের একটি আবাসিক হোটেলে ওঠেন। পরদিন দুপুর ১২টায় বরিশাল সরকারি মহিলা কলেজের সামনে তাঁর ‘প্রেমিকা’র সঙ্গে দেখা করেন। দুপুরে শহরের একটি রেস্তোরাঁয় একসঙ্গে খাবার খান। ওই দিন বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে পুনরায় তাঁরা দেখা করেন, কথা বলেন। এ সময় মেয়েটির সঙ্গে তাঁর কয়েকজন বান্ধবীও ছিল। ২৭ জুলাই তাঁরা দুজন পুনরায় শহরে ঘুরতে বের হন। কাশিপুর এলাকায় গেলে চয়ন হালদার নামের এক যুবক দাবি করেন, তাঁর সঙ্গে প্রেমের সম্পর্ক আছে ওই মেয়ের। এরপর চয়ন প্রেমাকান্তকে মারধর করেন। এ সময় তাঁর কাছ থেকে টাকাও ছিনিয়ে নেন। এ ঘটনার পর মেয়েটি ও তার পরিবারের সঙ্গেও তিনি আর যোগাযোগ করতে পারেননি।

আরও পড়ুন

এদিকে প্রেমাকান্তের কথিত প্রেমিকা কলেজছাত্রী কিশোরী আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলে, ফেসবুকে তাঁদের পরিচয় হয়েছিল। প্রেমাকান্ত ভালো নৃত্যশিল্পী। তাঁর নৃত্যের আপলোড করা ভিডিওগুলোতে সে লাইক-কমেন্ট করত। এর সূত্র ধরে তাঁর সঙ্গে বন্ধুত্ব হয়েছিল। কিন্তু প্রেমের কোনো সম্পর্ক হয়নি কিংবা তাঁকে এ দেশে আসতেও বলেনি সে। মেয়েটি বলে, ‘মূলত তিনি আমাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পর আমি তাতে রাজি হইনি। এরপর তিনি আমাকে বাংলাদেশে একবার সামনাসামনি দেখতে এবং কথা বলার জন্য প্রস্তাব দেন। আমি তাতেও সায় দিইনি। এরপর তিনি এ দেশে এসে একের পর এক ঝামেলা করতে থাকেন। আর এখন বলছেন, আমি নাকি তাঁকে আসতে বলেছি। তাঁর সঙ্গে আমার প্রেমের সম্পর্ক আছে। মূলত তাঁর কথায় রাজি না হওয়ায় আমার এবং আমার পরিবারের বদনাম করতেই এমন অসত্য অভিযোগ করছেন।’

বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা ওই কলেজছাত্রীর বাবা গত শুক্রবার রাতে প্রেমাকান্তের এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তালতলী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

আরও পড়ুন

কিশোরীর বাবা বলেন, ‘আমার মেয়ে অপ্রাপ্তবয়স্ক। বিষয়টি বরিশাল বিমানবন্দর থানার ওসি নিজে কলেজে এসে নিশ্চিত হয়ে গেছেন। সেই তথ্য হাইকমিশনে জানালে ওই যুবককে দেশে ফিরে যাওয়ার পরামর্শ দেয় হাইকমিশন। কিন্তু ওই যুবক দেশে না ফিরে বিভিন্ন মাধ্যমে আমার অপ্রাপ্তবয়স্ক মেয়ে, আমার পরিবার নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য এবং অপপ্রচার চালিয়ে আসছে।’

বরগুনার তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ বলেন, ‘প্রেমাকান্তের বিরুদ্ধে তালতলীর ওই কিশোরীকে কুপ্রস্তাব দেওয়ার লিখিত অভিযোগ পেয়েছি। এটা অবশ্যই অপরাধ। আমরা অভিযোগটির তদন্ত করছি।’

তবে প্রেমাকান্ত দাবি করেন, তিনি ওই মেয়ের সম্মতিতেই এ দেশে এসেছেন। তিনি কীভাবে এ দেশে আসবেন, কোথায় আসবেন, কার সঙ্গে যোগাযোগ করবেন—এর সবকিছুর গাইডলাইন ওই মেয়েই তাঁকে হোয়াটসঅ্যাপে নির্দেশনা দিয়েছে। তার প্রমাণও তাঁর কাছে আছে। এখন তাঁর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হচ্ছে, তা মনগড়া ও ভিত্তিহীন।