আজমেরী ওসমানের আরও তিন সহযোগী আটক, মামলা ডিবিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা কার্যালয়ে ঢুকে হুমকি দিচ্ছেন হামলাকারীরা
ছবি: সংগৃহীত

ত্বকী হত্যাকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশ করায় নারায়ণগঞ্জের স্থানীয় দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে আজমেরী ওসমানের আরও তিন সহযোগীকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ সোমবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এর মধ্যে মামলা তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক তিনজন হলেন মো. মাসুম (৪২), রানা সিকদার (৩২) ও জিতু সরদার (৩৫)। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে মামলার প্রধান আসামি আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী নাসির উদ্দিন, আক্তার নূরসহ এজাহারভুক্ত অন্য আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন হামলার ঘটনার শিকার পত্রিকার সম্পাদকসহ নারায়ণগঞ্জের সাংবাদিক সমাজ। তাদের অভিযোগ, আসামিরা এলাকায় থাকলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করছে না। পত্রিকা অফিসে হামলার নির্দেশদাতা সেই আজমেরী ওসমানকে গ্রেপ্তার করা হচ্ছে না।

আরও পড়ুন

তবে পুলিশ বলছে, ঘটনার পর থেকে আসামিরা গা ঢাকা দিয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সোমবার দুপুরে মামলাটি নারায়ণগঞ্জ সদর মডেল থানা–পুলিশের কাছ থেকে জেলা গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করার আদেশ দেন জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম।

এর আগে রোববার আজমেরীর আট সহযোগী শ্যামল সাহা লক্ষ্মণ, কৃষ্ণা ওরফে কৃষ পাল, নাসির হোসেন, মো. ইব্রাহিম, লিটন দাস, মো. ফয়সাল, মো. হাসিব ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তবে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের এখনো রিমান্ডে নেওয়া হয়নি।

আরও পড়ুন

মামলার তদন্ত–সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ ও সদর মডেল থানা–পুলিশ যৌথ অভিযান চালিয়ে আজমেরী ওসমানের পত্রিকা অফিসে হামলার ঘটনায় এজাহারভুক্ত দুই আসামিসহ আটজনকে গ্রেপ্তার করে। ওই দিনে পত্রিকা অফিসে হামলার ঘটনার সঙ্গে অংশ নেওয়া একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তার আসামিরা চাঁদাবাজি, হুমকি দেওয়াসহ নানা অপকের্মর ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে।

জেলা ডিবির অতিরিক্ত পুলিশ সুপার জাহেদ পারভেজ চৌধুরী প্রথম আলোকে বলেন, আজমেরী ওসমানের আরও তিন সহযোগীকে জড়িত সন্দেহে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলাটি তাঁদের কাছে হস্তান্তরের আদেশ হয়েছে। মামলার কেস ডকেট পাওয়ার পর আসামিদের কারাগার থেকে এনে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন

সময়ের নারায়ণগঞ্জ পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মামলার প্রধান আসামিসহ অনেক আসামি এখনো গ্রেপ্তার হয়নি। আমি চাইব, প্রশাসন এ ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। আমরা প্রশাসনের প্রতি সেই আস্থাটা রাখতে চাই।’

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম প্রথম আলোকে বলেন, মামলাটি গুরুত্বপূর্ণ বিধায় সেটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় যাঁদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাঁদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

গত শনিবার দুপুরে অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শহরে মহড়া শেষে শহরের চাষাঢ়া প্রেসিডেন্ট রোড এলাকায় স্থানীয় দৈনিক সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা অফিসে হামলা ও ভাঙচুর চালান আজমেরী ওসমানের সহযোগীরা। ত্বকী হত্যার র‌্যাবের খসড়া অভিযোগপত্রের সংবাদে আজমেরী ওসমানকে ইয়াবা আসক্ত উল্লেখ করার জের ধরে এ হামলা হয় বলে অভিযোগ। পত্রিকা অফিসের সাংবাদিকদের গালাগাল করার পাশাপাশি মাফ না চাইলে সম্পাদককে গুলি করে হত্যার হুমকিও দিয়েছেন হামলাকারীরা। হামলার পর সিসি ক্যামেরা ভাঙচুর ও হার্ডডিস্ক ডিভাইস খুলে নিয়ে গেছেন তাঁরা। এ সময় শহরে সন্ত্রাসীদের মহড়ায় আতঙ্কের সৃষ্টি হয়।

আরও পড়ুন

হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় শনিবার দিবাগত রাত সাড়ে ১২টায় পত্রিকার সম্পাদক জাবেদ আহমেদ জুয়েল বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা দায়ের করেন।