আশুগঞ্জে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যুর ঘটনায় ৫ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মকবুল মিয়া, রেখা বেগম ও তাঁদের দুই সন্তান জোবায়ের হোসেন ও আরিফ হোসেন (বাম থেকে)। আগুন কেড়ে নিয়েছে সবার প্রাণ
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় শিক্ষক দম্পতি মকবুল মিয়া ও রেখা বেগম এবং তাঁদের তিন সন্তানের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার বেলা আড়াইটার দিকে ভবনের মালিকসহ পাঁচজনকে আসামি করে আশুগঞ্জ থানায় এ মামলা করেন মকবুলের মা খোরশেদা বেগম।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আসামিরা হলেন আলাই মিয়া মোল্লা (৬০), তাঁর স্ত্রী সালমা আক্তার (৪৭), দুই ছেলে মাহফুজ মোল্লা (২২) ও আলম মোল্লা (২৫) এবং বাড়ির দারোয়ান কবির মিয়া।

আরও পড়ুন

মকবুল আশুগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের সফর মিয়ার ছেলে। তিনি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। উপজেলা সদরের শরীয়তনগর এলাকার আলাই মোল্লার ভবনের নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। নিজেদের প্রতিষ্ঠা করা একটি কিন্ডারগার্টেনে পড়াতেন মকবুল ও রেখা। রেখা অন্তঃসত্ত্বা ছিলেন।

আরও পড়ুন

গত ২২ ফেব্রুয়ারি রাত সোয়া ১০টার দিকে রান্নাঘরে মশার কয়েল জ্বালাতে যায় এই দম্পতির ১১ বছর বয়সী শিশুপুত্র আরিফ হোসেন। সে দেশলাই জ্বালাতেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। এ সময় আরিফকে বাঁচাতে ছুটে আসেন তার মা, বাবা ও ছোট ভাই জোবায়ের হোসেন। কিন্তু অগ্নিকাণ্ডে বিদ্যুৎ–সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় অন্ধকারে তাঁরা বাইরে আসতে পারেননি। ভেতরেই আটকে দগ্ধ হন সবাই।

এক মাস ধরে আশুগঞ্জে বাসায় গ্যাসলাইন লিকেজ হয়ে গন্ধ ছড়াত। মকবুল ও রেখা বিষয়টি নিয়ে প্রায়ই বাড়ির মালিক আলাই মিয়া মোল্লা, তাঁর স্ত্রী সালমা, ছেলে মাহফুজ, বাড়ির দারোয়ান কবিরকে অভিযোগ করেন।

ঘটনাস্থলেই জোবায়ের (৭) মারা যায়। পরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় একে একে মকবুল মিয়া (৪২), বড় ছেলে আরিফ হোসেন ও সর্বশেষ গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে রেখা মারা যান। এর আগে হাসপাতালে রেখার গর্ভে থাকা মেয়েসন্তানের জন্ম হয় মৃত অবস্থায়।

আরও পড়ুন

মামলার এজাহার সূত্রে জানা গেছে, এক মাস ধরে আশুগঞ্জে বাসায় গ্যাসলাইন লিকেজ হয়ে গন্ধ ছড়াত। মকবুল ও রেখা বিষয়টি নিয়ে প্রায়ই বাড়ির মালিক আলাই মিয়া মোল্লা, তাঁর স্ত্রী সালমা, ছেলে মাহফুজ, বাড়ির দারোয়ান কবিরকে অভিযোগ করেন। কিন্তু তাঁরা গ্যাসলাইন পরীক্ষা করবেন বলে সময় ক্ষেপণ করেন। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে তর্কও হয়। ঘটনার আট দিন আগে বাসা ছেড়ে দেবেন বললে বাড়ির মালিক ও তাঁর ছেলে মাহফুজ মকবুলের রান্নাঘরে যান। সে সময় তাঁরা গ্যাসের চুলার পেছনের গ্যাসপাইপের সংযোগ ও চাবি ঘুরিয়ে-প্যাঁচিয়ে দেখেন। পরে তাঁরা বাড়ির দারোয়ান কবিরকে ডেকে এনে গ্যাস–সংযোগ মেরামত করতে বলেন। কিন্তু গ্যাসের লিকেজ কোনো ধরনের মেরামত করেননি। পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়ায় মকবুল স্ত্রী ও সন্তান নিয়ে গ্রামের বাড়ি শরীফপুরে চলে যান। ২০ ফেব্রুয়ারি আবার আশুগঞ্জের ভাড়া বাসায় ফিরে এসে ঘরে গ্যাসের গন্ধ পান। তাঁরা রান্নাবান্না বন্ধ রেখে বাইরে থেকে খাবার কিনে খাওয়াদাওয়া করেন। ঘটনার দিন রাতে রান্নাঘরে দেশলাই জ্বালাতে গেলেই আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন

অগ্নিকাণ্ডের পাঁচ দিন পর ২৭ ফেব্রুয়ারি আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। ঘটনার সাত দিন পর মঙ্গলবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্তকাজ শুরু করেন। মকবুলের ঘরে গ্যাস পুঞ্জীভূত ছিল বলে তাঁরা নিশ্চিত হন। গ্যাস কিংবা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তদন্ত কমিটির সদস্য আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান।

আরও পড়ুন

তবে আলাই মিয়া মোল্লার দুই ছেলে আলম মোল্লা ও মাহফুজ মোল্লা গ্যাসের পাইপলাইনে লিকেজ হওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

তদন্ত কমিটির প্রধান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হক আজ সন্ধ্যা সোয়া সাতটায় প্রথম আলোকে বলেন, ‘মঙ্গল ও বুধবার ঘটনাস্থলে তদন্ত করেছি। নতুন কিছু পেয়েছি। প্রতিবেদন লিখছি। একটু সময় লাগবে। তদন্ত চলমান বলে এখনই কিছু বলা যাচ্ছে না।’

আরও পড়ুন