কক্সবাজার থেকে ভাসানচরের পথে আরও ১৫৪৪ রোহিঙ্গা
কক্সবাজারের আশ্রয়শিবির থেকে নোয়াখালীর ভাসানচরে স্থানান্তরের জন্য ৫০১টি পরিবারের আরও ১ হাজার ৫৪৪ জন রোহিঙ্গা শরণার্থী বুধবার চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছেন। আগামীকাল বৃহস্পতিবার সকালে তাদের চট্টগ্রাম থেকে নৌবাহিনীর জাহাজে ভাসানচরে স্থানান্তরের কথা রয়েছে।
এর আগে মঙ্গলবার কক্সবাজার থেকে ৬৬৭টি পরিবারের ১ হাজার ৯৯৯ জন রোহিঙ্গা ভাসানচরের পথে রওনা দেয়। বুধবার বেলা সাড়ে ১১টায় নৌবাহিনীর জাহাজে তারা ভাসানচরে পৌঁছায়। ১৩তম ধাপের এই দুই দিনে মোট ৩ হাজার ৫৪৩ জন শরণার্থীকে পাঠানো হলো। তার আগে ১২ ধাপে কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবির থেকে ২৬ হাজার ৯৫ জনকে স্থানান্তর করা হয়েছিল। সব মিলিয়ে ভাসানচরে স্থানান্তর করা শরণার্থীর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৬৩৮।
ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তর কার্যক্রম পরিচালনা করছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়, আর্মড পুলিশ ব্যাটালিয়নসহ (এপিবিএন) বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বেসরকারি সংস্থা (এনজিও)।
দুই দিনে ৩ হাজার ৫৪৩ জন রোহিঙ্গাকে স্থানান্তরের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক। তিনি বলেন, বুধবার দ্বিতীয় দিনে ১ হাজার ৫৪৪ জন রোহিঙ্গাকে পাঠানো হয়েছে। তারা স্বেচ্ছায় ভাসানচরে যাচ্ছে।
সরেজমিন দেখা গেছে, সকালে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে একাধিক বাসে তুলে রোহিঙ্গাদের উখিয়া ডিগ্রি কলেজ মাঠে জড়ো করা হয়। সেখানে দুপুরের খাবার খাওয়ানোর পর ৫০১টি পরিবারের ১ হাজার ৫৪৪ জন রোহিঙ্গাকে ৩৫টি বাসে তোলা হয়। শরণার্থীদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু।
বেলা দুইটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় রোহিঙ্গা বোঝাই গাড়ির বহর চট্টগ্রামের পথে রওনা দেয়। রাতের মধ্যে রোহিঙ্গাদের গাড়িবহর চট্টগ্রামে পৌঁছানোর কথা। বহরের সঙ্গে আছেন ১৫০ জন রোহিঙ্গা নেতা। তাঁরা কক্সবাজারের বিভিন্ন আশ্রয়শিবির থেকে অতিথি হিসেবে ভাসানচর আশ্রয়কেন্দ্র দেখতে যাচ্ছেন। কয়েক দিন পর তাঁরা ভাসানচর থেকে কক্সবাজারের আশ্রয়শিবিরে ফিরে আসবেন।
উখিয়ার লম্বাশিয়া ক্যাম্প ছেড়ে স্ত্রী ও দুই ছেলে নিয়ে ভাসানচর যাচ্ছেন রোহিঙ্গা আবদুল গফ্ফার (৪৫)। তিনি প্রথম আলোকে বলেন, উখিয়ায় ক্যাম্পে খুন-খারাবি, সন্ত্রাসী কর্মকাণ্ড লেগেই আছে। যখন-তখন সাধারণ রোহিঙ্গাদের ওপর অত্যাচার-নির্যাতন চলে। এ জন্য তিনি ভাসানচরে যাচ্ছেন। মিয়ানমারে ফিরে যাওয়ার পরিবেশ হলে তখন ভাসানচর থেকে পুনরায় ফিরে আসবেন বলে জানান তিনি।
কক্সবাজারের তুলনায় ভাসানচরের আশ্রয়শিবির উন্নত ও নিরাপদ জানিয়ে আরেক রোহিঙ্গা আবুল কালাম (৬০) বলেন, উখিয়ার লম্বাশিয়া, জুমছড়ি, মধুরছড়া, বালুখালী ক্যাম্পগুলো পাহাড়ের ঢালুতে গড়ে উঠেছে। বর্ষায় যেমন পাহাড় ধসের ঘটনা ঘটে, তেমনি অন্যান্য সময়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। ঘিঞ্জি পরিবেশ বলে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণও বেশি। কিন্তু ভাসানচরের আশ্রয়কেন্দ্রে এই ঝুঁকি নেই। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে তাঁরা ভাসানচরে যাচ্ছেন।
মিয়ানমারের রাখাইনে দেশটির সেনাবাহিনীর নৃশংসতার শিকার হয়ে ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে শুরু করে। কয়েক মাসে অন্তত আট লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।
আরআরআরসি কার্যালয় সূত্র জানায়, কক্সবাজারের আশ্রয়শিবিরের চাপ কমাতে অন্তত ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরের আশ্রয়শিবিরে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। ইতিমধ্যে প্রায় ৩০ হাজার রোহিঙ্গাকে স্থানান্তর করা হয়েছে। অবশিষ্ট রোহিঙ্গাদের পর্যায়ক্রমে স্থানান্তর করার প্রস্তুতি চলছে।
সরকারি তথ্য অনুযায়ী, নৌবাহিনীর তত্ত্বাবধানে রোহিঙ্গা স্থানান্তরের জন্য সরকারের নিজস্ব তহবিল থেকে ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে ভাসানচর আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন করা হয়। ১৩ হাজার একর আয়তনের ওই জায়গায় এক লাখ রোহিঙ্গা বসবাসের উপযোগী ১২০টি গুচ্ছগ্রামের অবকাঠামো তৈরি করা হয়েছে।