সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় সরকারের কাছে এক হাজার কোটি টাকা বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠন।
আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট নগরের জিন্দাবাজার এলাকায় ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মিলনায়তনে আয়োজিত এক সভা থেকে এ দাবি জানানো হয়।
‘বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতির ভিত্তিতে চাহিদা নিরূপণবিষয়ক’ এ সভা অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি কাসমির রেজা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তব্য দেন মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জহিরুল হক শাকিল। ভার্চ্যুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য দেন দুর্যোগ বিশেষজ্ঞ গওহর নঈম ওয়ারা।
লিখিত বক্তব্যে কাসমির রেজা বলেন, টানা এক সপ্তাহ সংগঠনের প্রতিনিধিরা বন্যাকবলিত এলাকা ঘুরে বানভাসি মানুষের সমস্যাগুলো জেনে দুর্ভোগ নিরসনে একটি প্রতিবেদন তৈরি করেছেন। এতে স্বল্প ও দীর্ঘ মেয়াদে সমাধানযোগ্য কিছু সমস্যা শনাক্ত করেন।
দীর্ঘ মেয়াদে সমাধান করা যেতে পারে এমন কয়েকটি সমস্যা তুলে ধরে কাসমির রেজা বলেন, বৃহত্তর সিলেটের নদ-নদী খনন, সিলেট ও সুনামগঞ্জ শহর রক্ষা বাঁধ নির্মাণ, ভাঙন থেকে রক্ষায় হাওরের গ্রামগুলোয় গ্রাম সুরক্ষাদেয়াল নির্মাণ ও কৃষকদের জন্য শস্যবিমা চালু করা প্রয়োজন। এসব করতে পারলে বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা সম্ভব হবে।
স্বল্পকালীন উদ্যোগ নিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ নিরসনে কিছু প্রস্তাব তুলে ধরেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো শিক্ষার্থীদের স্কুলে ফেরাতে শিক্ষা উপকরণ ও পোশাক দেওয়া, ব্যবসায়ীদের বিনা সুদে ঋণদান ও আগে নেওয়া ঋণের কিস্তি স্থগিত করা, কৃষকদের বিনা মূল্যে সার, বীজ ও কীটনাশক দেওয়া, বছরব্যাপী প্রতিটি পরিবারকে মাসে ৩০ কেজি চাল ও ৫০০ টাকা প্রদান করা, বিনা মূল্যে গোখাদ্য সরবরাহ, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সরকারি খরচে মেরামত এবং হাওর-নদীর তীরবর্তী গ্রামের ভিটেমাটি ক্ষয় হয়েছে, এমন মানুষকে সরকারিভাবে ১০ হাজার টাকা করে প্রদান করা।
সভা সঞ্চালন করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ। সভায় অন্যদের মধ্যে সুনামগঞ্জের তাহিরপুরের দক্ষিণ বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনুস আলী, সিলেটের তাহিরপুর সমিতির সভাপতি তারা মিয়া, অধ্যাপক জ্যোতিষ মজুমদার বক্তব্য দেন।
ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে গওহর নঈম ওয়ারা বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা প্রণয়নের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক করা ঠিক নয়। কারণ, বন্যায় অনেকের পরিচয়পত্র ভেসে গেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করতে হবে।
প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে সবাইকে পরিবেশ সচেতন হওয়ার পরামর্শ দেন অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ। অধ্যাপক জহিরুল হক বলেন, জলবায়ু পরিবর্তন ঠেকাতে না পারলে বন্যার মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে তাঁদের আরও পড়তে হবে।