দেশে নিত্যপণ্যসহ প্রায় সব ধরনের খাদ্যের দাম বেড়েছে। বাজারের ঊর্ধ্বগতিতে চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্তের ওপর। সরকারি সংস্থা পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যই বলছে, মার্চে গড় মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে। মূল্যস্ফীতি নিয়ে স্বস্তির খবর না থাকলেও প্রবাসী আয় ছয় মাস পর ২০০ কোটি ডলার ছাড়িয়েছে।
গুগলের কর্মী ছাঁটাই নিয়ে বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। গুগলের যুক্তরাজ্যের শত শত কর্মী গত মঙ্গলবার গুগলের লন্ডন কার্যালয়ে ধর্মঘট করেছেন। যুক্তরাজ্যে গুগলের কর্মীর সংখ্যা পাঁচ হাজারের বেশি। অন্যদিকে ফরাসি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট এখন ২০ হাজার কোটি ডলারের (২০০ বিলিয়ন) বেশি সম্পদের মালিক। বিশ্বের তৃতীয় ব্যক্তি হিসেবে তিনি ২০০ বিলিয়ন সম্পদের ক্লাবে পৌঁছালেন।
চলতি সপ্তাহে (গত শনিবার থেকে আজ শুক্রবার) দেশে-বিদেশে অর্থনীতির এমন অনেক ঘটনা ঘটেছে। তার মধ্য থেকে আলোচিত ১০টি খবর নিয়েই থাকছে এই আয়োজন। কয়েক মিনিটের মধ্যেই চোখ বুলিয়ে নিতে পারেন—
গত মঙ্গলবার সকালে বঙ্গবাজার কমপ্লেক্সে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বিপণিবিতানে। এ ঘটনায় পাঁচ হাজার দোকান পুড়েছে। ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকা থেকে দেড় হাজার কোটি টাকার মতো। বিস্তারিত
ব্যাংকের মাধ্যমে আসা রেমিট্যান্স বা প্রবাসী আয় আবারও ২০০ কোটি ডলার ছাড়িয়েছে। বিদায়ী মার্চ মাসে প্রবাসী আয় এসেছে ২০১ কোটি ৭৬ লাখ ডলার। এর আগে গত বছরের জুলাই ও আগস্টে প্রবাসী আয় ২০০ কোটি ডলার ছাড়িয়েছিল। বিস্তারিত
চার মাস পর গত মার্চে পণ্য রপ্তানি আবারও নেতিবাচক ধারায় চলে গেছে। গত মার্চে ৪৬৪ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, এই আয় গত বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ কম। মার্চে রপ্তানি নেতিবাচক ধারায় চলে গেলেও চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রপ্তানিতে আগের বছরের একই সময়ের চেয়ে ৮ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। বিস্তারিত
দেশে নিত্যপণ্যসহ প্রায় সব ধরনের খাদ্যের দাম বেড়েছে। বাজারের ঊর্ধ্বগতিতে চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্তের ওপর। সরকারি সংস্থা পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যই বলছে, মার্চে গড় মূল্যস্ফীতির হার বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ৩৩ শতাংশ হয়েছে। বিস্তারিত
সরকার আট বছরের মাথায় এসে দেশের গরিব বয়স্ক নারী-পুরুষ, বিধবা ও স্বামী নিগৃহীতা এবং প্রতিবন্ধীদের মাসিক ভাতা একটু বাড়াচ্ছে। কোনো শ্রেণির জন্য বাড়াচ্ছে ১০০ টাকা, কোনো শ্রেণির জন্য আবার ৫০ টাকা। শুধু ভাতা নয়, উপকারভোগীর সংখ্যাও একটু বাড়ানো হচ্ছে এবার। বিস্তারিত
চলতি ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৫ দশমিক ২ শতাংশ হতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বাংলাদেশের উন্নয়নবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য দিয়েছে তারা। বিস্তারিত
গুগলের কর্মী ছাঁটাই নিয়ে বিরোধ আবারও প্রকাশ্যে এসেছে। গুগলের যুক্তরাজ্যের শত শত কর্মী গত মঙ্গলবার গুগলের লন্ডন কার্যালয়ে ধর্মঘট করেছেন। যুক্তরাজ্যে গুগলের কর্মীর সংখ্যা পাঁচ হাজারের বেশি। গত বছর বিপুল কর্মী ছাঁটাইয়ের পর এ বছরের জানুয়ারিতে আবার ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে গুগল, যা বিশ্বব্যাপী তাদের মোট কর্মশক্তির প্রায় ৬ শতাংশ। বিস্তারিত
ফরাসি বিলাসপণ্যের কোম্পানি এলভিএমএইচের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নার্ড আর্নল্ট এখন ২০ হাজার কোটি ডলারের (২০০ বিলিয়ন) বেশি সম্পদের মালিক। বিশ্বের তৃতীয় ব্যক্তি হিসেবে তিনি ২০০ বিলিয়ন সম্পদের ক্লাবে পৌঁছালেন। তাঁর আগে বিশ্বের অপর দুই ধনকুবের টেসলার ইলন মাস্ক ও আমাজনের জেফ বেজোস এ মাইলফলক ছুঁয়েছিলেন বিস্তারিত
জনসন অ্যান্ড জনসনের ট্যালকম ও বেবি পাউডার ব্যবহারে ক্যানসার হচ্ছে, এমন অভিযোগ উঠেছিল। এ নিয়ে মামলাও হয়েছিল এবং দীর্ঘদিন ধরে সেই মামলা চলছে। অভিযোগের কারণে বাজার থেকে ব্র্যান্ডটি সরিয়ে নেওয়া হয়েছে। ফলে বড় ক্ষতির সম্মুখীন হয়েছে কোম্পানিটি। তাই জনসন অ্যান্ড জনসন চাচ্ছে এই মামলার নিষ্পত্তি করতে। সে জন্য আগামী ২৫ বছর ধরে জনসন যুক্তরাষ্ট্রে ৮৯০ কোটি ডলার ব্যয় করবে। বিস্তারিত
তেল উৎপাদনকারী দেশের জোট ওপেক ও তার সহযোগী দেশগুলো হঠাৎ করেই তেল উৎপাদন হ্রাসের সিদ্ধান্ত নিয়েছে। এই খবরে আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গত সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ১৬ ডলার বেড়ে হয়েছে ৮৪ দশমিক ১৭ ডলার। ডব্লিউটিআই ক্রুডের দামও বেড়েছে ৫ দশমিক ৩০ শতাংশ। তাতে বিশ্বজুড়ে শেয়ার সূচকেরও পতন হয়েছে। বিস্তারিত
অবশেষে ভারতে অ্যাপলের প্রথম বিক্রয়কেন্দ্র চালু হচ্ছে মুম্বাই শহরে। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভ মলে চালু হচ্ছে অ্যাপলের এই বিক্রয়কেন্দ্র। বিস্তারিত