১৩৫৯৯ অধ্যক্ষ-উপাধ্যক্ষ-প্রধান শিক্ষক পদে নিয়োগ, আবেদন শেষ কাল

ছবি: এআই/প্রথম আলো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহকারী সুপার পদে নিয়োগে আবেদন চলছে। ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করেতে পারবেন আগ্রহীরা।

শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে নিয়োগ হবে পরীক্ষার মাধ্যমে। এনটিআরসিএ প্রকাশিত বিজ্ঞপ্তিতে তিন অধিদপ্তরের আওতায় থাকা বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সহকারী প্রধানদের (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপারিনটেনডেন্ট ও সহকারী সুপারিনটেনডেন্ট) শূন্য পদের তথ্য দেওয়া হয়েছে। তাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮টি। কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ ১৪০টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় শূন্য পদ রয়েছে ৩ হাজার ১৩১টি। তিন অধিদপ্তরের সর্বমোট শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৯৯।

আরও পড়ুন

আবেদন কীভাবে

বিজ্ঞপ্তিতে পরীক্ষার আবেদনপত্রের লিংক দেওয়া হয়েছে। ওয়েবসাইটে ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত বিজ্ঞপ্তিটিওয়েবসাইটে পাবেন আবেদনকারীরা। আবেদন শুরু হবে আগামী ৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে। ১৯ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে আবেদন। ২০ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ পর্যন্ত টাকা জমা দেওয়া যাবে।

নিয়োগ পরীক্ষার নম্বর বণ্টন ও সময়

এমসিকিউ পরীক্ষার সময় ১ ঘণ্টা। এমসিকিউ পরীক্ষা হবে ৮০ নম্বরে। বাকি ২০ নম্বরের মধ্য শিক্ষাগত যোগ্যতার সনদের জন্য বরাদ্দ ১২ এবং মৌখিক পরীক্ষা হবে ৮ নম্বরে। মোট ১০০ নম্বরের এই পরীক্ষায় পাসের ৪০ শতাংশ নম্বর পেতে হবে আলাদাভাবে।

মোট ৮০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য ১ নম্বর, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ (দশমিক দুই পাঁচ) নম্বর বিয়োগ হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

পরীক্ষার বিষয়

বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি), প্রশাসনিক ব্যবস্থাপনা (আইন, বিধি-প্রবিধি, নীতিমালা, পরিপত্র ও আদেশগুলো), আর্থিক ব্যবস্থাপনা এবং অধিদপ্তর অনুসার উল্লিখিত বিষয়গুলো।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সাধারণ শিক্ষা ব্যবস্থাপনা। কারিগরি শিক্ষা অধিদপ্তরের কারিগরি শিক্ষা ব্যবস্থাপনা ও কারিগরি শিক্ষা–সংশ্লিষ্ট মৌলিক জ্ঞান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা, আল কোরআন, হাদিস, ফিকাহ, আরবি ভাষা ও ইসলামি শিক্ষা।

তিন অধিদপ্তরের মোট শূন্য পদ ১৩ হাজার ৫৯৯ টি
ছবি: এআই/প্রথম আলো

আবেদনে যোগ্যতা ও অভিজ্ঞতা

তিন অধিদপ্তরের সর্বশেষ জারিকৃত জনবলকাঠামো ও এমপিও নীতিমালা মোতাবেক কাম্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রযোজ্য।

নিয়োগ সুপারিশ প্রক্রিয়া

এমসিকিউ ও মৌখিক পরীক্ষা শেষে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম ও প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটকের তত্ত্বাবধানে সফটওয়্যারের সাহায্যে শতভাগ অটোমেশন-স্বয়ংক্রিয় পদ্ধতিতে নিয়োগ সুপারিশ কার্যক্রম সম্পাদন করা হবে।

কোন অধিদপ্তরে কত পদ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতায় স্নাতক পাস কলেজে অধ্যক্ষ ৫৮৪টি, উপাধ্যক্ষ ৬২৭টি। উচ্চমাধ্যমিক কলেজে অধ্যক্ষ ৭৬৮টি। মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৩ হাজার ৯২৩টি, সহকারী প্রধান শিক্ষক ৩ হাজার ৮৭২টি। নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ৫০৪টি শূন্য পদ রয়েছে। মোট শূন্য পদ রয়েছে ১০ হাজার ২৭৮টি।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতায় ব্যবসায় ব্যবস্থাপনা অধ্যক্ষ ১১০টি। ভোকেশনালের সুপারিনটেনডেন্ট ৪০টিসহ মোট শূন্য পদ রয়েছে ১৫০টি।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতায় কামিল পর্যায়ের অধ্যক্ষ ৩৪, উপাধ্যক্ষ ৫৩টি। ফাজিল পর্যায়ের অধ্যক্ষ ২০২টি, উপাধ্যক্ষ ৩৪৩টি। আলিম অধ্যক্ষ ২১৯টি, উপাধ্যক্ষ ৩৭৭টি। দাখিলের সুপারিনটেনডেন্ট ৮৯৯টি, সহকারী সুপারিনটেনডেন্ট ১ হাজার ৪টিসহ মোট শূন্য পদ ৩ হাজার ১৩১টি।

আরও পড়ুন

নিয়োগ সুপারিশে ‘পরীক্ষা গ্রহণ কমিটি’ গঠন

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিষ্ঠানপ্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ সুপারিশে একটি উচ্চপর্যায়ের ‘পরীক্ষা গ্রহণ কমিটি’ গঠন করেছে সরকার। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এই নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে কমিটি গঠনের কথা বলা হয়েছে। আদেশে এনটিআরসিএর চেয়ারম্যানকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। আর সংস্থাটির সদস্যকে (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন) সদস্যসচিব করা হয়েছে। ৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে শিক্ষা খাতের গুরুত্বপূর্ণ দপ্তর ও অধিদপ্তরের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন প্রতিনিধি, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন প্রতিনিধি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়) এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়)।

গত ৫ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের ওই আদেশটি ইতিমধ্যে সংশ্লিষ্ট সব অধিদপ্তর ও দপ্তরে অবগতির জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন