শিক্ষার্থীদের ব্যাংক অ্যাকাউন্ট খোলার বয়সসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক
শিক্ষার্থীদের জন্য ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খোলার বয়সসীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী এখন থেকে অনূর্ধ্ব ২৫ বছর বয়সী শিক্ষার্থীরা এ ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। এত দিন অনূর্ধ্ব ১৮ বছর বয়সী শিক্ষার্থীরাই কেবল ‘স্টুডেন্ট ব্যাংকিং’ অ্যাকাউন্ট খুলতে পারতেন।
গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি নীতিমালা জারি করে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও নির্বাহী পরিচালকদের কাছে পাঠিয়েছে। এ ছাড়া এত দিন ‘স্কুল ব্যাংকিং’ নামে প্রচলিত এ সেবা এখন থেকে ‘স্টুডেন্ট ব্যাংকিং’ নামে পরিচিত হবে।
নতুন নীতিমালা অনুযায়ী, স্টুডেন্ট ব্যাংকিং অ্যাকাউন্টধারীরা এখন থেকে ক্রেডিট কার্ডও নিতে পারবেন। আগে শুধু ডেবিট কার্ডের মাধ্যমে লেনদেনের সুযোগ ছিল, ক্রেডিট কার্ড নেওয়ার সুযোগ ছিল না।
বর্তমানে এটিএম বুথ থেকে মাসে সর্বোচ্চ ১৫ হাজার টাকা উত্তোলন করা যাবে। তবে অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই সীমা বাড়িয়ে সর্বোচ্চ ২৫ হাজার টাকা করা যাবে। আগের নীতিমালায় মাসে সর্বোচ্চ ৫ হাজার টাকা উত্তোলনের সুযোগ ছিল। মাসে সর্বোচ্চ ২৫ হাজার টাকা জমা রাখা যাবে এবং অ্যাকাউন্টে সর্বোচ্চ স্থিতি হবে ৩ লাখ টাকা।
পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রে আলাদা স্টুডেন্ট ফাইল বা অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হবে না। এই অ্যাকাউন্টই সে ক্ষেত্রে ব্যবহার করা যাবে।