সম্পর্ক গোপন রাখলে কি ঘনিষ্ঠতা বাড়ে
সামাজিক যোগাযোগমাধ্যমের আবির্ভাবের পর বদলে গেছে জীবনযাপনের ধারণা। সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর বিষয় এখন সবাইকে জানানোর জন্য অনেকে ব্যস্ত হয়ে পড়েন। কোথাও খেতে কিংবা ঘুরতে গেছেন, সবার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানোই যেন এখন রীতিনীতি। শুধু ঘুরতে যাওয়া কিংবা খাওয়াদাওয়া নয়, সম্পর্কের ক্ষেত্রেও ব্যাপারটা এখন তেমনই। কিন্তু গবেষকেরা বলছেন ভিন্ন কথা।
দাম্পত্য জীবনের সম্পর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট না করলে যেন সম্পর্কটা ‘সত্যি’ হয় না। বন্ধুবান্ধব থেকে শুরু করে অনুসারী, সবাইকে যেন নিজেদের ‘নিখুঁত জীবনযাপন’ দেখাতে চান অনেকে।
কিন্তু গবেষকদের ধারণা, এর উল্টো পথ যাঁরা বেছে নেন, সম্পর্কে তাঁরাই বেশি সুখী। এর প্রধান কারণ, সুখী দম্পতিরা বাইরের লোকের স্বীকৃতির জন্য চিন্তা না করে বাস্তব মুহূর্তগুলো উপভোগে বেশি ব্যস্ত থাকেন।
সব সম্পর্ক একই রকম নয়
কেউ যেমন ঘুরে বেড়াতে ভালোবাসেন, তেমনই কেউ আবার নীরবে–নিভৃতে বসে এক কাপ চা খেতে পছন্দ করেন। প্রতিটি সম্পর্কই আলাদা। পুরোটাই নির্ভর করে দুই প্রান্তে থাকা ব্যক্তির ওপর।
কিন্তু সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে না চাইতেও চোখের সামনে চলে আসে হাজারো তথ্য ও গল্প। ফলে সম্পর্কের যে ধারণা এত দিন আমরা বহন করেছি, তা বদলে যেতে শুরু করেছে খুব দ্রুতই।
সেখান থেকেই মূলত শুরু হয় সম্পর্ককে ‘পারফেক্ট’ দেখানোর চিন্তা। লোকে দেখে কী বলবে, এমন ভাবনা জমতে থাকে মাথার ভেতরে।
ব্যক্তিগত জীবন গোপন রাখা কেন প্রয়োজন
সামাজিক যোগাযোগমাধ্যম এমন এক জায়গা, যেখানে সবাই নিজের সেরা অবস্থাটাই প্রকাশ করতে চান। নিজের সেরা অবস্থাকে জানাতে চান। যে কারণে গ্যালারির সেরা ছবিটাই স্থান পায় ফেসবুক ও ইনস্টাগ্রামে। সম্পর্কের ক্ষেত্রেও ব্যাপারটা সে রকম।
ফেসবুকে দেখলে সবার সম্পর্কই ভালো যাচ্ছে, ঘুরে বেড়াচ্ছেন পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত, কোনো চিন্তা ছাড়াই। ফলে মনের অজান্তেই অন্য দম্পতির সঙ্গে তুলনা চলে আসে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত না হলে এই চিন্তা মাথায় আসার অবকাশ এতটা থাকে না। ফলে এখানেই আসে ব্যক্তিগত জীবন গোপন রাখার কথা।
সুফল কী
ব্যক্তিগত সম্পর্ক যিনি নিজের কাছে রাখেন, তার সুফল সবচেয়ে বেশি পান তিনি নিজেই। কারণ, বাইরের মানুষ কী বলল না বলল, তা নিয়ে মাথা ঘামাতে হয় না; বরং নিজেদের মতো করে সুখী হতে পারেন তাঁরা।
এ সময়ে এসে সবার কাছ থেকে প্রশংসা পাওয়া এক অবিশ্বাস্য ব্যাপার। কেউ না কেউ থাকবেই, যিনি সামান্য খুঁত বের করে ফেলবেন আপনাদের সম্পর্কে, যা নিজের মনের মধ্যে উসখুস শুরু হবে আপনারই।
শুধু তা–ই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখানোর জন্য যখন উৎসুক হয়ে উঠবেন, তখন সম্পর্কে নিজেদের সময় দেওয়ার কথা অনেকটাই উবে যাবে মাথা থেকে। বরং সুন্দর একটা ছবি তোলা, বাকি সবাইকে দেখানোর কথাই ঘুরপাক খাবে মনে।
সম্পর্ক যে আপনাদের দুজনের, একে অপরকে যে সময় দেওয়া প্রয়োজন, সেই চিন্তা ও উদ্যোগ কমতে থাকবে ধীরে ধীরে। আর সেখান থেকে শুরু হতে পারে টানাপোড়েন।
যদি উল্টো পথে হেঁটে নিজেদের সম্পর্ককে নিজেদের কাছে রাখেন, তবে বাড়তি কোনো চিন্তাই করতে হয় না; বরং নিজেদের মতো করে যেমন সময় কাটাতে পারবেন, তেমনই পারবেন নিজেদের সম্পর্কের উন্নতি করতে।
তখন বাইরের মানুষ কে কী ভাবছে, তা নিয়ে মাথা ঘামানোর প্রশ্নই আসবে না। নিজেদের একান্ত সময়গুলো উপভোগ করতে পারবেন অনায়াসে।
তাই বলে নিজেদের সম্পর্কে কাউকে জানাব না?
ব্যাপারটি ঠিক সে রকম নয়। নিজেদের ব্যাপারে সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো ভুল বা অপরাধ নয়। তবে খেয়াল রাখতে হবে, যাতে সামাজিক যোগাযোগমাধ্যম যেন উল্টো আপনার সম্পর্কে প্রভাব ফেলতে না পারে।
কারণ, মানুষের চিন্তাভাবনা ও ধ্যানধারণা আপনি নির্ধারণ করেন না। তাঁদের বাজে চিন্তা বা মন্তব্যের প্রভাব যদি আপনার ওপর পড়ে, তবে দিন শেষে ক্ষতিটা আপনাদেরই।
সূত্র: ম্যারেজ ডটকম ও মিডিয়াম