ভিডিও গেমেও যেভাবে নতুন ভূরাজনৈতিক লড়াই

‘গ্র্যান্ড থেফট অটো সিক্স’ ভিডিও গেমটির বিজ্ঞাপনের ডিসপ্লের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন পথচারীরয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই দশকের সবচেয়ে বড় মিডিয়া ইভেন্টটি ঘটে গেল বৃহস্পতিবার, অথচ ওয়াশিংটনের বেশির ভাগ মানুষেরই তা নজর এড়িয়ে গেছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও গেম সিরিজের সর্বশেষ সংস্করণ গ্র্যান্ড থেফট অটো সিক্স বাজারে আসার আগেই প্রায় ১৫০ কোটি ডলারের বিক্রি ছাড়িয়ে গেছে, যা এর ১০০ কোটি ডলারের বেশি বাজেটের খরচ ইতিমধ্যেই তুলে এনেছে।

আগামী এক সপ্তাহে এর মোট বিক্রি ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এই সিরিজের আগের গেমটিই এখনো কেবল অনলাইন সংস্করণ থেকে বছরে ৫০ কোটি ডলার আয় করে। (তুলনার খাতিরে বলা যায়, সর্বকালের সবচেয়ে বড় কনসার্ট ট্যুর টেইলর সুইফটের ‘ইরাস ট্যুর’ আয় করেছিল ২০০ কোটি ডলারের সামান্য বেশি, আর ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’ আয় করেছিল প্রায় ২৯০ কোটি ডলার।)

ভিডিও গেম যে এখন সাংস্কৃতিক মহাশক্তিতে পরিণত হয়েছে, তা সরকারগুলোরও নজরে এসেছে। ইন্ডাস্ট্রি কনসালট্যান্ট জর্জ অসবর্ন তাঁর নতুন বই ‘পাওয়ার প্লে: ভিডিও গেমস, পলিটিকস, অ্যান্ড দ্য ব্যাটল ফর গ্লোবাল ইনফ্লুয়েন্স’-এ উল্লেখ করেছেন, ভিডিও গেমিং একসময় নিঃসঙ্গ একক বিনোদন থাকলেও এখন তা মূলত একটি সামাজিক ও দলবদ্ধ কর্মকাণ্ডে পরিণত হয়েছে।

অনলাইন গেমিং এমন এক ‘থার্ড প্লেস’ বা তৃতীয় পরিসর তৈরি করেছে, যেখানে মানুষ, বিশেষ করে তরুণেরা একে অপরের সঙ্গে মেলামেশা করতে পারে। অসবর্নের ভাষায়, ‘ভিডিও গেম কমিউনিটির ভেতরে যা ঘটে, তা বাস্তব জীবনেও ছড়িয়ে পড়ে—একেবারে আমাদের রাজনৈতিক আলাপ-আলোচনা পর্যন্ত।’

আরও পড়ুন
আরও পড়ুন

উদাহরণস্বরূপ, যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সৌদি আরব মূলত পুঁজির জোরে ভিডিও গেমের জগতে এক বড় শক্তিতে পরিণত হয়েছে। যুবরাজ নিজেও একজন উৎসাহী গেমার এবং তিনি দেশে একটি নিজস্ব গেমিং শিল্প গড়ে তোলার চেষ্টা করছেন।

এতে এখন পর্যন্ত খুব একটা সাফল্য না এলেও সৌদি অর্থের জোরে ইলেকট্রনিক আর্টস (৫,৫০০ কোটি ডলার) এবং পোকেমন গো-এর নির্মাতা প্রতিষ্ঠানের (৩৫০ কোটি ডলার) মতো বড় বড় কোম্পানি কিনে নেওয়া সম্ভব হয়েছে।

মোহাম্মদ বিন সালমান অর্থ উপার্জন করতে চান। তবে অসবর্ন যেমনটি দেখিয়েছেন, তিনি সরলমনা বা লোভী পশ্চিমাদের ব্যবহার করে তাঁর দুর্নীতিগ্রস্ত ও নারীবিদ্বেষী স্বৈরশাসনের ভাবমূর্তিও উজ্জ্বল করতে চান।

ওয়াশিংটনের থিঙ্কট্যাংকগুলোয় অনুদান দেওয়ার চেয়ে গেমিং কোম্পানি কেনা হয়তো বেশি ব্যয়বহুল পথ, কিন্তু এটি সম্ভবত আরও বেশি কার্যকর। ইন্ডাস্ট্রির ভেতরের অনেকেই ইতিমধ্যে তাঁদের গেমে সৌদি সেন্সরশিপের আশঙ্কা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

আরও পড়ুন
আরও পড়ুন

তবে সৌদি সরকার যদি ভিডিও গেমকে প্রভাবিত করে, তবে উল্টো দিক থেকেও প্রভাব পড়ছে। যুবরাজের কিছু উচ্চাভিলাষী প্রকল্পের কথাই ধরুন। ১০৬ মাইল দীর্ঘ এবং ৬৫০ ফুট চওড়া শহর ‘দ্য লাইন’-এর পরিকল্পনাটি দেখে মনে হয়, তা সাইবারপাঙ্ক ২০৭৭ এবং ডিউস এক্স-এর মতো গেমে দেখা ভবিষ্যৎ শহরগুলো থেকে অনুপ্রাণিত। পার্থক্য শুধু এ–ই যে বাস্তবে মাত্র ১ দশমিক ৫ মাইল ভিত্তি খননের পরই ‘দ্য লাইন’ প্রকল্পটি স্থগিত হয়ে গেছে।

গেমিং ও বাস্তবতার এই পারস্পরিক প্রভাবের চিত্র অসবর্নের আরেকটি কেস স্টাডি—রাশিয়ার দিকে তাকালেও স্পষ্ট হয়। বিশেষ করে ২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকে রুশ স্টুডিওগুলো স্কোয়াড ২২: জভ-এর মতো প্রোপাগান্ডা গেম তৈরি করছে। অসবর্ন একে ‘চরম নিম্নমানের একটি ভিডিও গেম’ হিসেবে বর্ণনা করলেও এটি ইউক্রেনবিরোধী মিম এবং উগ্র জাতীয়তাবাদীদের আড্ডাখানায় পরিণত হয়েছে।

রুশ গেমগুলোর এই কল্পকাহিনি বৃহত্তর প্রভাব বিস্তারের প্রচেষ্টার সঙ্গে যুক্ত হচ্ছে। স্ট্রিমার ‘গ্রিশাপুতিন’-এর মতো ইনফ্লুয়েন্সারদের সহায়তায় এই গেমগুলোর লক্ষ্য হলো মনোবল চাঙা করা, সেনা সংগ্রহ এবং বিদেশি যোদ্ধাদের প্রলুব্ধ করা।

অস্ট্রেলীয় নাগরিক ড্যারিল ফ্ল্যাডাং অনলাইন ওয়ার গেমের মাধ্যমে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে (এবং প্রোপাগান্ডা ভিডিও পোস্ট করতে) প্রলুব্ধ হয়েছিলেন; কয়েক মাস ধরে তিনি নিখোঁজ এবং তাঁকে মৃত বলে ধারণা করা হচ্ছে। তাঁর শেষ ভিডিওগুলোয় তাঁকে চরম আতঙ্কিত ও যন্ত্রণাকাতর অবস্থায় দেখা গেছে।

গ্র্যান্ড থেফট অটো সিক্স গেমের পোস্টার, থাইল্যান্ড
রয়টার্স

রাশিয়ার রক্ষণশীল রাজনীতি কিছু গেমারের কাছেও আকর্ষণীয়। বর্তমানে গেমিংয়ে নারী ও পুরুষের অনুপাত প্রায় সমান হলেও জনপ্রিয় গেমগুলোর এই ‘থার্ড প্লেস’ বা আড্ডাস্থলগুলো প্রায়ই সবচেয়ে উগ্র তরুণদের দখলে চলে যায়। হয়রানি এড়াতে নারী খেলোয়াড়দের নিজেদের পরিচয় গোপন রাখা, এমনকি ভয়েস চেঞ্জার ব্যবহার করাও এখন অস্বাভাবিক কিছু নয়।

এর প্রভাবও রাজনীতিতে ফিরে এসেছে। ভিডিও গেমের লেখকেরা সাধারণত উদারপন্থী ও প্রগতিশীল হন এবং ২০১০-এর দশকে গেমে নারী চরিত্র, কৃষ্ণাঙ্গসহ বিভিন্ন জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ানোর জোরালো চেষ্টা চলে।

অনেক গেমার একে স্বাগত জানালেও একদল মানুষ এতে তীব্র প্রতিক্রিয়া দেখায়। এর ফলেই জন্ম নেয় ‘গেমারগেট’ আন্দোলন, যা স্টিভ ব্যাননের উৎসাহে তরুণ পুরুষ ভোটারদের আকৃষ্ট করার উগ্র ডানপন্থী প্রচেষ্টার অংশ হয়ে ওঠে। এটি ডোনাল্ড ট্রাম্পের দিকে নির্বাচনের পাল্লা ভারী করতে সাহায্য করলেও নিজেরা কোনো ভালো গেম তৈরি করতে ব্যর্থ হয়েছে।

বিশ্বের বৃহত্তম ভিডিও গেমের বাজার হওয়া সত্ত্বেও মস্কোর তুলনায় বেইজিং বিদেশে গেমিং প্রোপাগান্ডা চালানোর ব্যাপারে অনেক বেশি অনাগ্রহী। এর আংশিক কারণ হলো যেকোনো ধরনের আনন্দ-বিনোদনের প্রতি কমিউনিস্টদের রক্ষণশীল অনীহা, যার ফলে অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গেম খেলার ওপর বারবার কড়াকড়ি আরোপ করা হয় এবং নতুন গেমের সরকারি অনুমোদনে দীর্ঘ বিলম্ব ঘটে।

আরও পড়ুন
আরও পড়ুন

অসবর্ন উল্লেখ করেছেন, দেশে ব্যাপক সেন্সরশিপ থাকলেও ‘চীনা কমিউনিস্ট পার্টির (সিসিপি) আঘাত সামলাতে চীনা গেমিং ব্যবসাগুলো বিশ্বজুড়ে গেমিং প্রতিষ্ঠানগুলোতে শত শত কোটি ডলার বিনিয়োগ করেছে’।

গেমে হংকং ও তাইওয়ানের উপস্থাপনার বিষয়ে কিছু নজরদারি ছাড়া এসব বিনিয়োগ রাজনৈতিক সীমাবদ্ধতা আরোপের চেয়ে ব্যবসায়িক স্বার্থেই বেশি কেন্দ্রীভূত থেকেছে। অন্যান্য ক্ষেত্রের মতো এখানেও চীনের মূল লক্ষ্য ছিল আগে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, আর পরে বৈদেশিক প্রভাব।

তবে গেমিংয়ের সম্ভবত সবচেয়ে বড় বৈশ্বিক প্রভাব হলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিল্পকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এর ভূমিকা। গেমিং নির্ভর করে ভিডিও কার্ডের ওপর। এটি তৈরি হয় এমন উচ্চক্ষমতাসম্পন্ন চিপ দিয়ে, যা এআই বিপ্লবকেও চালিত করছে।

উদাহরণস্বরূপ, ২০১৮ সালে এনভিডিয়া তাদের আয়ের প্রায় ৫৭ শতাংশ পেত গেমিং থেকে। গত বছর সেই অঙ্ক নেমে এসেছে মাত্র ৭ শতাংশে, আর প্রায় ৯০ শতাংশ আয় এসেছে এআই ডেটা সেন্টার থেকে।

অসবর্ন নতুন ও উন্নত প্রযুক্তির, বিশেষ করে চিপ ডিজাইনের উদ্ভাবনে গেমিংয়ের ভূমিকার কথা তুলে ধরেছেন। কিন্তু ইন্ডাস্ট্রিটি এআইয়ের দিকে ঝুঁকে পড়ায় গেমাররা তাদের একসময়ের প্রিয় কোম্পানি এনভিডিয়ার ওপর প্রচণ্ড ক্ষুব্ধ। (এর ফলে জেনসেন হুয়াংয়ের পতন এবং চীনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে এনভিডিয়ার ভূমিকা নিয়ে সেরা অনুসন্ধানী প্রতিবেদনগুলোর কিছু এসেছে গেমস মিডিয়া থেকেই।)

ভিডিও গেমিং একসময় নিঃসঙ্গ একক বিনোদন থাকলেও এখন তা মূলত একটি সামাজিক ও দলবদ্ধ কর্মকাণ্ডে পরিণত হয়েছে। অনলাইন গেমিং এমন এক ‘থার্ড প্লেস’ বা তৃতীয় পরিসর তৈরি করেছে, যেখানে মানুষ, বিশেষ করে তরুণেরা একে অপরের সঙ্গে মেলামেশা করতে পারে।
গ্র্যান্ড থেফট অটোর বিজ্ঞাপন, হংকং, চীন
রয়টার্স

আগে গেমিং হার্ডওয়্যারের দাম ক্রমাগত কমত; দুই বছর পর একই সেটআপ অর্ধেক দামে পাওয়া যেত। এআই প্রতিযোগিতার কারণে এখন ঘটছে ঠিক উল্টোটা। ট্রাম্প দ্বিতীয়বার নির্বাচিত হওয়ার সপ্তাহে শুল্ক বাড়ার আশঙ্কায় আমি ১ হাজার ৬০০ ডলারে যে গেমিং পিসিটি কিনেছিলাম, এখন তার খুচরা মূল্য ২ হাজার ৬০০ ডলার।

আপনার খেলনার দাম বেড়ে যাওয়া নিয়ে এতটা মাথা ঘামানো একটু বোকামি মনে হতে পারে। কিন্তু গেমার ও এআই কোম্পানিগুলোর এই দ্বন্দ্ব আসলে একটি বৃহত্তর প্রশ্নেরই ক্ষুদ্র প্রতিচ্ছবি—প্রযুক্তির ক্ষমতা কার নিয়ন্ত্রণে থাকবে?

ঘরে ঘরে পারসোনাল কম্পিউটার আসার পর থেকেই তা ছিল প্রযুক্তিপ্রেমী ও উদ্ভাবকদের বিচরণক্ষেত্র। অথচ এখন স্যাম অল্টম্যান এমন এক ধারণা সামনে এনেছেন (এবং দ্রুতই তা প্রত্যাহারও করে নিয়েছেন) যে আপনার ব্যক্তিগত পিসিতে র‍্যাম পড়ে থাকাটা ‘ভয়াবহ’ ব্যাপার; কারণ, এগুলো বড় বড় করপোরেশনগুলোর ব্যবহার করা উচিত।

এ প্রেক্ষাপটে ভিডিও গেমে এআইয়ের বিরুদ্ধে ক্রমবর্ধমান বিদ্রোহ—যেখানে খেলোয়াড়েরা এআই আর্ট, এআই লেখা, এমনকি এআই কোড ব্যবহার করা গেমগুলো বর্জন করছে—আর বড় কোনো কিছুরই অংশ বলে মনে হয়।

অসবর্ন তাঁর বইয়ের শেষ অধ্যায়গুলো উৎসর্গ করেছেন এমন সব গেমের প্রচারণায়, যা নাগরিকদের শিক্ষিত করে এবং বিশ্বজুড়ে গণতন্ত্রের লড়াইকে সমর্থন জোগায়—ইউক্রেনপন্থী গল্প থেকে শুরু করে জলবায়ু সচেতনতা বাড়াতে ‘গ্রিন গেম জ্যাম’ পর্যন্ত। কিন্তু যত দিন এই শিল্প এবং এর পেছনের প্রযুক্তি স্বৈরাচার ও টেক টাইকুনদের হাতে থাকবে, তত দিন আমরা এসব গেম খেলার সুযোগ পাব না।

  • জেমস পামার ফরেন পলিসির ডেপুটি এডিটর।

    ফরেন পলিসি থেকে সংক্ষেপে অনূদিত।