জুলাই বিপ্লবের জ্ঞানগর্ভ বয়ান

জুলাই নিয়ে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত বইয়ের প্রচ্ছদছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস কর্তৃক প্রকাশিত হয়েছে মো. সাইদুল ইসলামের বই দ্য অ্যানাটমি অব রিভল্ট: দ্য জুলাই রেভোল্যুশন অ্যান্ড দ্য স্ট্রাগল ফর ডেমোক্রেসি ইন বাংলাদেশ বইটি উৎসর্গ করা হয়েছে জুলাই বিপ্লবের শহীদ ও যাঁরা মুক্তির স্বপ্ন দেখেছিলেন, তাঁদের। উল্লেখযোগ্য এই বই সম্পর্কে আমি দুই কিস্তিতে আলোচনা করব। প্রথম কিস্তিতে জুলাই বিপ্লব; অর্থাৎ ৫ আগস্ট (বা প্রতিবাদী তারিখ ৩৬ জুলাই) পর্যন্ত; দ্বিতীয় কিস্তিতে বিপ্লব-পরবর্তী সময় নিয়ে আলোচনা করব।

বইয়ের বিষয় আলোচনার আগে বইটি সম্পর্কে কয়েকটি সাধারণ তথ্য দিতে চাই। প্রথমেই বলে রাখা ভালো, এটি একটি একাডেমিক বই। আমি যেকোনো একাডেমিক বই পাঠের আগে এর ঠিকুজির সন্ধান করি। প্রথম দিকে মনে হয়েছিল, বইটি ‘রাজনৈতিক ইতিহাস’। আরেকটু এগোতেই নিশ্চিত হলাম, এটি ‘রাজনৈতিক সমাজতত্ত্বের’ বই।

দ্বিতীয় তথ্যটি হলো, জুলাই বিপ্লবের মাত্র দুই বছরের কিছু বেশি সময়ের মধ্যে বইটি প্রকাশিত হলো। এর সুবিধা-অসুবিধা দুটিই আছে। সুবিধা হলো, সব তথ্যই তরতাজা এবং সহজেই যাচাইযোগ্য। অসুবিধা হলো, বিশ্লেষণ ও উপসংহারে উপনীত হওয়ার জন্য এ সময় যথেষ্ট নয়। এত দ্রুত বইটি সম্পন্ন করা সম্ভব হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় এবং বইয়ে এর বৈধ ব্যবহারের স্বীকৃতিও আছে।

তৃতীয় তথ্যটি হলো, বইটির গবেষণার অর্থায়ন করেছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, যেখানে লেখক সমাজতত্ত্বের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। এটা একদিকে সম্মানের যে জুলাই বিপ্লব নিয়ে দেশের বাইরেও গবেষণা হচ্ছে। অন্যদিকে লজ্জার, কেননা দেশের কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় এ আবশ্যকীয় কাজটি করতে পারেনি।

জুলাই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো আন্দোলনের চরিত্র। এই আন্দোলনের কোনো একক নেতা ছিলেন না, কোনো দলীয় ব্যানার ছিল না। ছিলেন ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, মধ্যবিত্ত শ্রেণির মানুষ—এমনকি যাঁরা আগে কখনো রাজনীতিতে আসেননি, তাঁরাও। লেখক এই বৈশিষ্ট্যটিকে আন্দোলনের শক্তি হিসেবে দেখেন।

তাত্ত্বিক কাঠামো

বইয়ের ৪৯ পৃষ্ঠায় লেখকের ব্যবহৃত তাত্ত্বিক কাঠামোর উল্লেখ আছে। লেখক পাঁচটি তত্ত্বের সমাহারে জুলাই বিপ্লবকে বিশ্লেষণ করেছেন; এক. সিডনি ট্যারো ও ডগ ম্যাকঅ্যাডামের পলিটিক্যাল অপরচুনিটি থিওরি—কেবল ক্ষোভ নয়; রাজনৈতিক পটভূমি কতটা উন্মুক্ত বা দুর্বল, তা আন্দোলনের সাফল্য নির্ধারণ করে।

দুই. জন ম্যাককার্থি ও মেয়ার জাল্ডের রিসোর্স মোবিলাইজেশন থিওরি—আন্দোলন টিকিয়ে রাখার চাবিকাঠি সম্পদ সংগ্রহ ও তার কার্যকর ব্যবহার।

তিন. কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলসের ঐতিহাসিক বস্তুবাদ এবং ইমানুয়েল ওয়ালারস্টেইনের বিশ্বব্যবস্থা তত্ত্ব-অর্থনৈতিক কাঠামো ও বৈশ্বিক অসমতা।

চার. এডওয়ার্ড সাঈদ ও গায়ত্রী স্পিভাকের উপনিবেশ–পরবর্তী ক্ষমতাকাঠামো ও প্রান্তিক মানুষের ইতিহাস। পাঁচ. চার্লস টিলির ‘বিরোধপূর্ণ রাজনীতি’ এবং ডব্লিউ ল্যান্স বেনেট ও আলেকজান্দ্রা সেগারবার্গের ডিজিটাল সক্রিয়তাবাদ। নিঃসন্দেহে বইটি শক্ত তাত্ত্বিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত।

আরও পড়ুন
আরও পড়ুন

রাষ্ট্রকাঠামোর ফাটলসমূহ

জুলাই ২০২৪-কে আমরা সাধারণত একটা তারিখ দিয়ে মনে রাখি। ৫ আগস্ট। সেদিন একটা সরকার পড়ে গেল। কিন্তু এই বইয়ের মূল বক্তব্য হলো, জুলাই ৫ আগস্টে শুরু হয়নি, আবার ৫ আগস্টে শেষও হয়নি। জুলাই ছিল দীর্ঘদিন ধরে জমে থাকা ক্ষোভ, ভয়, অপমান আর আশাভঙ্গের বিস্ফোরণ। কেন ছাত্রদের একটি কোটা সংস্কার আন্দোলন এত দ্রুত একটি গণ-অভ্যুত্থানে পরিণত হলো, কেন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নামল, আর কেন রাষ্ট্র তার নিজের নাগরিকদের বিরুদ্ধে এত নির্মম হয়ে উঠল—এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই বইটির প্রথম অর্ধেক ব্যয়িত।

বইটির শুরুর অধ্যায়গুলোতে লেখক বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর ভেতরের ফাটলগুলো দেখান। এটা শুধু একটি নির্বাচন বা একটি দলের সমস্যা ছিল না; একদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধির গল্প বলা হচ্ছিল, অন্যদিকে সাধারণ মানুষের জীবনে তার কোনো প্রতিফলন ছিল না। চাকরি নেই, বেতন বাড়ে না, জিনিসের দাম বাড়ে, শিক্ষা শেষ করেও ভবিষ্যৎ অনিশ্চিত। একজন তরুণ যখন দেখেন তাঁর যোগ্যতা নয়, তাঁর পরিচয় আর আনুগত্যই তাঁর ভবিষ্যৎ নির্ধারণ করছে, তখন তাঁর ভেতরে তীব্র অবিচারের বোধ জন্ম নেয়। লেখকের মতে, জুলাইয়ের শিকড় ছিল এই দৈনন্দিন অপমানে।

দ্বিতীয় ফাটলটা রাষ্ট্র-নাগরিক সম্পর্কে। সেবক রাষ্ট্র ক্রমে শাসক রাষ্ট্রে পরিণত হয়েছিল। পুলিশ, প্রশাসন, আদালত—নিরাপত্তা দেওয়ার বদলে হয়ে উঠেছিল ভয়ের উৎস। গুম, মামলা, হয়রানি, বাক্‌স্বাধীনতার ওপর চাপ তখন আর বিচ্ছিন্ন ঘটনা ছিল না; ব্যবস্থারই অংশ হয়ে গিয়েছিল। মানুষ যখন বুঝল রাষ্ট্রের কাছে বিচার পাওয়া যাবে না, তখন রাস্তায় বিচার খুঁজতে নামল। জুলাই সেই রাস্তায় নামারই নাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকায় রিকশার ওপর দাঁড়িয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের স্যালুট দিয়েছিলেন রিকশাচালক মো. সুজন খান। সেই মুহূর্তের প্রতিকৃতি শোভা পাচ্ছে জুলাই গণ–অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মাঠে। রাজধানীর শেরেবাংলা নগরে
ছবি: তানভীর আহাম্মেদ

আন্দোলনের চরিত্র ও নেতৃত্ব

জুলাই বিপ্লবের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো আন্দোলনের চরিত্র। এই আন্দোলনের কোনো একক নেতা ছিলেন না, কোনো দলীয় ব্যানার ছিল না। ছিলেন ছাত্র, শিক্ষক, শ্রমিক, নারী, মধ্যবিত্ত শ্রেণির মানুষ—এমনকি যাঁরা আগে কখনো রাজনীতিতে আসেননি, তাঁরাও। লেখক এই বৈশিষ্ট্যটিকে আন্দোলনের শক্তি হিসেবে দেখেন। কারণ, নেতা থাকলে নেতাকে কেনা যায়, গ্রেপ্তার করা যায়, ভয় দেখানো যায়। কিন্তু যখন প্রতিটি মহল্লা, প্রতিটি বিশ্ববিদ্যালয়, প্রতিটি ফেসবুক প্রোফাইলই আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে, তখন তাকে দমন করা কঠিন হয়ে যায়। এই বিকেন্দ্রীকরণই জুলাইকে টিকিয়ে রেখেছিল।

আরও পড়ুন
আরও পড়ুন

আন্দোলনের প্রধান কুশীলব

তবে ‘কোনো একক নেতা ছিল না’ বলার অর্থ এই নয় যে আন্দোলনের কোনো নেতৃত্ব ছিল না। নেতৃত্ব ছিল, কিন্তু তা ছিল সম্মিলিত ও পরিস্থিতিজাত। বইটিতে যাঁদের নাম বারবার এসেছে, তাঁরা হলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, নুসরাত তাবাসসুম ও সাদিক কায়েম। নাহিদ ও আসিফ ছিলেন মাঠের সংগঠক ও সিদ্ধান্ত গ্রহণকারী, নুসরাত ছিলেন নারী ও নাগরিক সংহতির কণ্ঠস্বর আর সাদিক কায়েম ছিলেন ক্যাম্পাসভিত্তিক সংযোগের সেতু। তাঁদের কেউই এককভাবে আন্দোলনকে নিয়ন্ত্রণ করেননি, কিন্তু তাঁদের সমন্বয় ছাড়া আন্দোলন এত দ্রুত এক দফায় পৌঁছাত না।

এই নেতৃত্বের দুটি সিদ্ধান্তই আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। প্রথমটি নাহিদ ইসলামের এক দফার ঘোষণা। কোটা সংস্কারের দাবি থেকে আন্দোলনকে যখন সরকার পতনের দাবিতে নিয়ে যাওয়া হলো, তখনই জুলাই আর ছাত্রদের আন্দোলন থাকল না, তা হয়ে উঠল গণ-অভ্যুত্থান। দ্বিতীয়টি আসিফ মাহমুদের মার্চ টু ঢাকা এক দিন এগিয়ে আনা। সরকার যখন ৫ আগস্টের আগেই চূড়ান্ত দমনের প্রস্তুতি নিচ্ছিল, তখন আন্দোলন কর্মসূচি এক দিন এগিয়ে এনে সরকারকে অপ্রস্তুত করে দিয়েছিল। লেখকের মতে, এই দুটি সিদ্ধান্তই প্রমাণ করে, জুলাই বিকেন্দ্রীকৃত ছিল, কিন্তু দিশাহীন ছিল না।

নারীদের ভূমিকার কথা বইটিতে বিশেষভাবে এসেছে। মিছিলের সামনে মেয়েরা, হাসপাতালে আহত ব্যক্তিদের সেবা করা, ইন্টারনেটে তথ্য ছড়িয়ে দেওয়া—সবকিছুতে নারীরা ছিলেন সামনের সারিতে। লেখকের মতে, এটা শুধু সংখ্যার বিষয় নয়, এটা ছিল বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ভাষার জন্ম। যে ভাষায় প্রতিবাদ মানে শুধু স্লোগান নয়, প্রতিবাদ মানে একে অপরের পাশে দাঁড়ানো।

মানুষ মৃত্যুকে নয়, ভয় পাচ্ছিল চুপ করে থাকাকে 

তবে লেখক আন্দোলনকে রোমান্টিক করে দেখেননি। তিনি দেখিয়েছেন, দমন-পীড়ন কতটা ভয়াবহ ছিল। গুলি, গ্রেপ্তার, ইন্টারনেট বন্ধ, মিথ্যা তথ্য ছড়ানো—রাষ্ট্র তার সব শক্তি দিয়ে আন্দোলনকে থামাতে চেয়েছিল। কিন্তু যত বেশি দমন হয়েছে, তত বেশি মানুষ রাস্তায় নেমেছে। এখানেই লেখকের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ—দমন যখন নৈতিক বৈধতা হারায়, তখন তা আর ভয় তৈরি করে না; বরং ক্ষোভ তৈরি করে। জুলাইয়ের শেষ দিনগুলোতে ঠিক এটাই হয়েছিল। মানুষ আর মৃত্যুকে ভয় পাচ্ছিল না, মানুষ ভয় পাচ্ছিল চুপ করে থাকাকে।

বইটিতে লেখক প্রশ্ন রেখেছেন, সরকারের পতন হয়েছে, কিন্তু রাষ্ট্র কি বদলেছে? রাস্তায় যে মানুষ একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, তারা কি এবার রাষ্ট্র চালাতে পারবে? আন্দোলনের ঐক্য কি ক্ষমতায় গিয়েও টিকবে, নাকি ক্ষমতা পেলেই ভাঙন শুরু হবে? এই প্রশ্ন নিয়েই বইটি দ্বিতীয় অর্ধে প্রবেশ করে। আর সেখানেই শুরু হয় অন্তর্বর্তী সরকার, সংস্কার আর নতুন বাংলাদেশের কঠিন পরীক্ষা।

  • মুহাম্মদ ফাওজুল কবির খান অধ্যাপক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়

    মতামত লেখকের নিজস্ব