অভিভাবকত্বের প্রশ্নে শিশুর কল্যাণই হোক শেষ কথা

প্রতীকী ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা–বাবা ও দুই সন্তানের একটি পরিবার। সন্তানদের শৈশব থেকে কৈশোর—বেড়ে ওঠার প্রতিটি বাঁকে বাবার স্নেহময় উপস্থিতি ছিল যেন নির্ভরতার এক নির্ভার ছায়া। স্কুল-কলেজে আনা-নেওয়া, পড়াশোনার তদারকি, দৈনন্দিন পরিচর্যা থেকে শুরু করে সংসারের নানা ব্যবস্থাপনা—সবকিছুতেই তিনি হয়ে উঠেছেন নির্ভরতার এক অবিচল আশ্রয়। আর পরিবারের আর্থিক ভার বহনের প্রধান দায়িত্ব ছিল মায়ের কাঁধে। এভাবেই দুজনের ভিন্ন ভিন্ন অবদান, সময়, শ্রম, স্নেহ ও আর্থিক সহযোগিতা মিলেই গড়ে উঠেছিল তাঁদের সংসার।

কিন্তু দাম্পত্য সম্পর্কের অবনতির একপর্যায়ে সেই পরিবার ভেঙে যায়, আর সন্তানদের সঙ্গে বাবার সম্পর্কও জটিল হয়ে ওঠে। ঘটনাটি আমাদের মনে করিয়ে দেয়, সন্তানের বেড়ে ওঠা ও কল্যাণ নিশ্চিত করার দায়িত্ব কোনো একক অভিভাবকের নয়; মা ও বাবা—উভয়ের অবদানই সেখানে গুরুত্বপূর্ণ, যদিও সেই অবদানের ধরন ও পরিসর হয় ভিন্ন।

আরেকটি ঘটনা তুলে ধরে ভিন্ন এক বাস্তবতা। দুই চিকিৎসক দম্পতির বিচ্ছেদের পর দুই সন্তানের দেখাশোনার দায়িত্ব পালন করছিলেন মা। তাঁর অভিযোগ, স্বামীর নির্যাতনে নাক, চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার প্রয়োজন হলে সন্তানদেরও সঙ্গে নিতে চেয়েছিলেন; কিন্তু এ ক্ষেত্রে বাবার সম্মতি না পাওয়ায় তাঁকে জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

আরও পড়ুন

ঘটনাটি আমাদের সামনে এক গভীর প্রশ্ন হাজির করে—কোনো অভিভাবকের আইনগত কর্তৃত্ব যদি সন্তানের চিকিৎসা, নিরাপত্তা কিংবা কল্যাণ নিশ্চিত করার পথেই বাধা হয়ে দাঁড়ায়, তবে সেই কর্তৃত্বের প্রকৃত উদ্দেশ্য কী?

দুটি ঘটনা অভিভাবকত্বের প্রশ্নে ভিন্ন বাস্তবতার মুখোমুখি দাঁড় করায়। একদিকে, বাবা হতে পারেন সন্তানের প্রধান পরিচর্যাকারী—সন্তানের দৈনন্দিন যত্ন, শিক্ষা ও বেড়ে ওঠায় তাঁর অবদান হতে পারে মায়ের চেয়েও বেশি। অন্যদিকে, আইনগত অভিভাবকত্বের ক্ষমতা এমন ব্যক্তির হাতে থাকলেও তা কখনো কখনো সন্তানের চিকিৎসা, নিরাপত্তা ও কল্যাণের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

বাংলাদেশের ভেঙে যাওয়া পরিবারগুলোর বাস্তবতায় এ ধরনের পরিস্থিতি বিচ্ছিন্ন কোনো অভিজ্ঞতা নয়। তাই বিতর্কটি মা ভালো, না বাবা ভালো—এমন সরল প্রশ্নে সীমাবদ্ধ রাখার সুযোগ নেই। বরং বিবেচ্য হওয়া উচিত, কোন অভিভাবকের কাছে এবং কোন পরিবেশে শিশুর সর্বোত্তম মঙ্গল নিশ্চিত হবে।

আরও পড়ুন

হেফাজত ও অভিভাবকত্ব এক বিষয় নয়

হেফাজত বলতে সন্তানের দৈনন্দিন পরিচর্যা, বসবাস ও লালন-পালনের দায়িত্বকেই বোঝায়। অভিভাবকত্বের সঙ্গে শিক্ষা, চিকিৎসা, সম্পত্তি, পাসপোর্ট ও জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যুক্ত। ফলে যে মা কিংবা বাবা প্রতিদিন সন্তানের দেখাশোনা করেন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সমান ক্ষমতা তাঁর না–ও থাকতে পারে। তখন সন্তানের প্রয়োজন মেটাতে গিয়ে পরিচর্যাকারী অভিভাবককেই অন্যজনের সম্মতির অপেক্ষায় থাকতে হয়।

মুসলিম ব্যক্তিগত আইনে হেফাজত ও অভিভাবকত্ব

প্রচলিত মুসলিম ব্যক্তিগত আইনে অল্পবয়সী সন্তানের হেফাজতে মা সাধারণত অগ্রাধিকার পান। হানাফি মত অনুযায়ী প্রচলিত বিধানে ছেলেসন্তানের ক্ষেত্রে সাত বছর এবং মেয়েসন্তানের ক্ষেত্রে বয়ঃসন্ধি পর্যন্ত মায়ের হেফাজতের অধিকার স্বীকৃত। অন্যদিকে, বাবা সাধারণত সন্তানের স্বাভাবিক বা আইনগত অভিভাবক হিসেবে বিবেচিত হন। ফলে মা দৈনন্দিন পরিচর্যার দায়িত্ব পালন করলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁর না–ও থাকতে পারে।

মায়ের পুনর্বিবাহ কোনো কোনো প্রচলিত ব্যাখ্যায় হেফাজতের অগ্রাধিকার হারানোর কারণ হিসেবে বিবেচিত হয়। কিন্তু শুধু পুনর্বিবাহ কাউকে অযোগ্য প্রমাণ করে না। একই কথা বাবার ক্ষেত্রেও প্রযোজ্য। নতুন পারিবারিক পরিবেশ শিশুর জন্য নিরাপদ কি না, তার সঙ্গে নতুন সদস্যদের সম্পর্ক কেমন—এসব বাস্তবতা দেখতে হবে। মা অথবা বাবা, কেউই শুধু লৈঙ্গিক কারণে সন্তানের জন্য অধিক উপযুক্ত নন।

আরও পড়ুন

প্রচলিত আইনের সীমাবদ্ধতা

বাংলাদেশে অভিভাবকত্বের প্রধান আইন গার্ডিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, ১৮৯০। আইনটির ৭ ধারায় অভিভাবকত্বের বিধান এবং ১৭ ধারায় শিশুর কল্যাণ নির্ধারণে বিবেচ্য বিষয় রয়েছে। কিন্তু ১৯(খ) ধারা অনুযায়ী, বাবা জীবিত এবং আইনগতভাবে অযোগ্য বিবেচিত না হলে অন্য কাউকে অভিভাবক নিয়োগে বাধা তৈরি হয়। ফলে শিশুর কল্যাণের নীতির সঙ্গে বাবার আইনগত অবস্থানকে অগ্রাধিকার দেওয়ার বিধানের টানাপোড়েন দেখা দেয়।

২০২৩ সালের পারিবারিক আদালত আইন অভিভাবকত্ব ও হেফাজত–সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির এখতিয়ার পারিবারিক আদালতকে দিয়েছে। তবে আদালতকে বিদ্যমান আইন ও ব্যক্তিগত আইনের কাঠামোর মধ্যে কাজ করতে হয়। বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের পারিবারিক বিধানও এক নয়। হিন্দু, খ্রিষ্টান ও অন্যান্য সম্প্রদায়ের পরিবারেও হেফাজত এবং অভিভাবকত্ব নিয়ে জটিলতা দেখা দিতে পারে।

আন্তধর্মীয় বিবাহে বিষয়টি আরও জটিল হয়। ইউএন উইমেন ২০২৪ সালের 'এচিভিং ইকুয়ালিটি বিফোর দ্য ল ইন বাংলাদেশ' মূল্যায়নে ১৮৯০ সালের আইনের ১৯ ধারা সংশোধন, মা-বাবা উভয়কে যোগ্য অভিভাবক হিসেবে স্বীকৃতি এবং সমন্বিত আইন প্রণয়নের সুপারিশ করা হয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

আদালতের অবস্থান

২০২৩ সালের জানুয়ারিতে হাইকোর্ট এক গুরুত্বপূর্ণ নির্দেশনায় শিক্ষা–সংক্রান্ত নথিতে বাবার নামের পরিবর্তে মায়ের নাম অথবা আইনগত অভিভাবকের নাম গ্রহণের পথ সুস্পষ্ট করেন। বাবার পরিচয় উল্লেখ করতে না পারার কারণে কোনো শিক্ষার্থী যাতে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়, সে ক্ষেত্রে এই রায় একটি তাৎপর্যপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে।

অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সন্তানের হেফাজত নিয়েও ২০১৮ সালের ৩০ এপ্রিল পারিবারিক আদালতের আদেশ আলোচনায় এসেছে। ওই আদেশে সন্তানের হেফাজত মায়ের কাছে রাখা এবং বাবার সাক্ষাতের ব্যবস্থা নির্ধারণ করা হয়। এ ধরনের ঘটনায় হেফাজত ও পূর্ণ আইনগত অভিভাবকত্বের পার্থক্য মনে রাখা জরুরি। আদালতের সিদ্ধান্তের ভিত্তি হওয়া উচিত শিশুর বাস্তব অবস্থা ও কল্যাণ।

যেসব শিশু মা-বাবার কারও কাছেই নিরাপদ নয়, তাদের জন্য বিকল্প পরিচর্যা কার্যকর করতে হবে। ২০১৩ সালের শিশু আইনের ৮৪ থেকে ৮৮ ধারায় বিকল্প পরিচর্যার বিধান রয়েছে। পরিবারভিত্তিক পালক পরিচর্যা, পরিচর্যাকারীর মূল্যায়ন, প্রশিক্ষণ ও নিয়মিত তদারকি জোরদার করা দরকার। স্কুল, হাসপাতাল ও পাসপোর্ট কর্তৃপক্ষও আইনসম্মত অভিভাবকের সিদ্ধান্ত অযথা আটকে রাখতে পারবে না।

আন্তর্জাতিক প্রেক্ষাপট

জাতিসংঘের শিশু অধিকার সনদের ৩ অনুচ্ছেদে শিশুকে প্রভাবিত করে এমন সিদ্ধান্তে তার সর্বোত্তম স্বার্থকে অন্যতম প্রধান হিসেবে বিবেচনা করা হয়েছে। ১২ অনুচ্ছেদে শিশুর মতপ্রকাশের অধিকার এবং ১৮ অনুচ্ছেদে মা-বাবার যৌথ দায়িত্ব স্বীকৃত। বাংলাদেশ ১৯৯০ সালের ৩ আগস্ট সনদটি অনুসমর্থন করে। সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদও সমতা ও বৈষম্যহীনতার ভিত্তি দিয়েছে।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট 'রাজা মোহাম্মদ ওয়াসিস বনাম মোছা. নাজিয়া জাবিন' (২০২২) মামলায় বলেন, মায়ের পুনর্বিবাহ একাই তাঁকে সন্তানের হেফাজত থেকে বঞ্চিত করার যথেষ্ট কারণ নয়। ভারতের সুপ্রিম কোর্ট 'গিথা হরিহরন বনাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া' (১৯৯৯) মামলায় বাবার অনুপস্থিতি বলতে শুধু মৃত্যু নয়, দায়িত্ব পালনে অনাগ্রহ বা অক্ষমতার পরিস্থিতিও বিবেচনায় নেন। এসব দৃষ্টান্তের শিক্ষা—প্রচলিত বিধান প্রয়োগে শিশুর বাস্তব জীবন উপেক্ষা করা চলে না।

আরও পড়ুন
আরও পড়ুন

শিশুর কল্যাণে অভিন্ন আইন

বাংলাদেশে একটি অভিন্ন, আধুনিক, নিরপেক্ষ, শিশুকেন্দ্রিক ও শিশুবান্ধব আইন প্রণয়ন করা দরকার। মা বা বাবা—যে কেউ হেফাজত ও অভিভাবকত্ব চাইতে পারবেন। আদালত বিবেচনা করবেন পরিচর্যার ইতিহাস, শিশুর সঙ্গে সম্পর্ক, নিরাপত্তা, মানসিক পরিবেশ, শিক্ষা, সময় দেওয়ার সামর্থ্য এবং বয়স ও পরিপক্বতা অনুযায়ী শিশুর মতামত। শুধু আয়, পদমর্যাদা বা শিক্ষাগত যোগ্যতা দিয়ে উপযুক্ত অভিভাবক নির্ধারণ করা যাবে না।

পরিচর্যা ও আর্থিক দায়িত্বও এক ছাঁচে ফেলা উচিত নয়। বাবা দৈনন্দিন পরিচর্যা করতে পারেন, মা ব্যয় বহন করতে পারেন; আবার উভয়ে দায়িত্ব ভাগ করে নিতে পারেন। উপযুক্ত হলে যৌথ হেফাজতের ব্যবস্থাও থাকবে। প্রয়োজনে দাদা-দাদি, নানা-নানি বা অন্য নিরাপদ আত্মীয়ের সহায়তা বিবেচনা করতে হবে। আদালতের ক্ষমতা থাকবে, তবে সিদ্ধান্তের মানদণ্ড ও জবাবদিহি আইনে স্পষ্ট করতে হবে। মামলা দ্রুত নিষ্পত্তি, জরুরি বিষয়ে অন্তর্বর্তী আদেশ এবং আদেশের পর শিশুর অবস্থা নিয়মিত পর্যবেক্ষণের ব্যবস্থাও দরকার।

যেসব শিশু মা-বাবার কারও কাছেই নিরাপদ নয়, তাদের জন্য বিকল্প পরিচর্যা কার্যকর করতে হবে। ২০১৩ সালের শিশু আইনের ৮৪ থেকে ৮৮ ধারায় বিকল্প পরিচর্যার বিধান রয়েছে। পরিবারভিত্তিক পালক পরিচর্যা, পরিচর্যাকারীর মূল্যায়ন, প্রশিক্ষণ ও নিয়মিত তদারকি জোরদার করা দরকার। স্কুল, হাসপাতাল ও পাসপোর্ট কর্তৃপক্ষও আইনসম্মত অভিভাবকের সিদ্ধান্ত অযথা আটকে রাখতে পারবে না।

আরও পড়ুন
আরও পড়ুন

সন্তানের ভবিষ্যৎ সন্তানেরই

মা-বাবার সম্পর্ক ভেঙে যেতে পারে, মতবিরোধ হতে পারে, তাঁরা নতুন জীবনও শুরু করতে পারেন। কিন্তু সেই বিরোধের দায় শিশুর নয়। তার শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, খেলাধুলা ও স্বপ্নের পথ বন্ধ করে দেওয়া অন্যায়। শিশুর মতামত শুনতে হবে, তবে তাকে মা-বাবার মধ্যে কাউকে বেছে নিতে বাধ্য করা যাবে না। তার মানসিক স্বাস্থ্য, প্রতিভা ও নিজস্ব পরিচয় গড়ে ওঠার সুযোগ নিশ্চিত করতে হবে।

আজকের শিশুরাই আগামী দিনের শিক্ষক, চিকিৎসক, প্রশাসক, সৈনিক, শিল্পী, চিন্তক ও রাষ্ট্রনেতা। শৈশবের নিরাপত্তাহীনতা ও দীর্ঘ পারিবারিক সংঘাত তাদের বিকাশে গভীর ক্ষত তৈরি করতে পারে। তাই শিশুর কল্যাণ শুধু পরিবারের বিষয় নয়; এটি রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব।

আইন মানুষের কল্যাণের জন্য, মানুষ আইনের আনুষ্ঠানিকতার জন্য নয়। ঔপনিবেশিক আমলের ১৮৯০ সালের আইন দিয়ে একবিংশ শতাব্দীর শিশুর জীবনকে সীমাবদ্ধ রাখা যায় না। মা-বাবা উভয়ের ন্যায্য অধিকার থাকবে, কিন্তু তাঁদের অধিকারের ঊর্ধ্বে থাকবে শিশুর সর্বোত্তম স্বার্থ। সন্তান মা-বাবার যৌথ দায়িত্ব, আর সন্তানের ভবিষ্যৎ তার নিজের। সেই ভবিষ্যৎ সুরক্ষায় রাষ্ট্রকে মানবিক, ন্যায়সংগত ও সময়োপযোগী আইন প্রণয়ন করতে হবে।

  • দিলরুবা শারমিন আইনজীবী, মানবাধিকার কর্মী ও মুসলিম আইন বিশেষজ্ঞ। তিনি চিলড্রেন গার্ডিয়ানশিপ এক্সপানশন প্রপোজিশনের আহ্বায়ক।

    * মতামত লেখকের নিজস্ব