পরের ছয় মাসের জন্য অভিষেক পাকিস্তানের জন্য দুঃস্বপ্ন হবে: বলছেন হরভজন

সর্বশেষ এশিয়া কাপে দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৭৪ রান করেছিলেন ভারতের অভিষেক শর্মাএএফপি

প্রতিক্রিয়া হবে, সেটা প্রত্যাশিতই ছিল। হরভজন সিং সেটাই করলেন। অভিষেক শর্মাকে ভালো ব্যাটসম্যান নয়, স্রেফ ‘স্লগার’ বলায় মোহাম্মদ আমিরকে তোপ দেগেছেন ‘টার্বুনেটর’। হরভজনের ভাষায়, অভিষেক আজ ক্রিজে টিকলে আগামী ছয় মাস পাকিস্তানকে দুঃস্বপ্ন দেখতে হবে।

ঘটনার শুরু পাকিস্তানের জনপ্রিয় টক শো ‘হার না-মানা হ্যায়’ অনুষ্ঠানে। টি-টুয়েন্টি বিশ্বকাপে আজ কলম্বোয় ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ সামনে রেখে সেই অনুষ্ঠানে সাবেক পেসার আমির অভিষেককে নিয়ে কথা বলেন। ভারতের এই ওপেনারকে আমির ভালো ব্যাটসম্যান হিসেবে মানতে নারাজ।

পাকিস্তানের সাবেক এই পেসারের যুক্তি ছিল, ‘আমি যতটুকু দেখেছি, সত্যি বলতে, ওকে আমার স্রেফ একজন স্লগার মনে হয়েছে। আমার মনে হয় না ওর টেকনিক খুব একটা জুতসই। ও এক জায়গায় দাঁড়িয়ে থাকে, আর চায় সব বল যেন ওর পছন্দের জোনে পড়ে। যখন দেখব একটু মুভমেন্ট বা সুইং থাকা বল ও দারুণভাবে সামলাচ্ছে, কেবল তখনই আমি ওকে প্রকৃত ব্যাটসম্যান হিসেবে মানব।’

সংবাদমাধ্যম ‘স্পোর্টস তাক’–এর ভারতীয় সাংবাদিক বিক্রম গুপ্তর ইউটিউব চ্যানেলে গতকাল এ নিয়ে প্রতিক্রিয়া দেখান ভারতের সাবেক স্পিনার হরভজন। তাঁর ভাষায়, ‘এটার জবাবে আর কীই–বা বলব? মানে ঘুম থেকে উঠে যা খুশি বলে দিচ্ছে! স্লগারই যদি বলবেন, ঠিক আছে, তাহলে ছক্কা মারুক। কিন্তু সে (অভিষেক) পূর্ণাঙ্গ ব্যাটসম্যান, যে সব শটই খেলতে পারে। পরিপূর্ণ একজন ব্যাটসম্যান, কোন বল কীভাবে খেলতে হবে জানে। কাভারের ওপর দিয়ে খেলতে পারে, পয়েন্টেও মারতে পারে। লং অন, লং অফ, মিডউইকেটেও খেলে—সব রকম শট তার আছে। এরপর তাকে স্লগার বলা যায় না।’

ভারতীয় ওপেনার অভিষেক শর্মা
এএফপি

টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে অভিষেক এখন শীর্ষে। এই সংস্করণে বিশ্বকাপের শুরুতেও শীর্ষে ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টি-টুয়েন্টি ছাড়া আর কোনো সংস্করণে এখনো খেলেননি অভিষেক। কিন্তু এই একটি সংস্করণেই তিনি বোলারদের ঘুম হারাম করে ছেড়েছেন। ভারতের হয়ে ৩৮ ইনিংসে ১২৯৭ রান করেছেন ১৯৪.৪৫ স্ট্রাইক রেটে!

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষেও অভিষেকের রেকর্ড দুর্দান্ত। গত বছর এশিয়া কাপে তিনটা ম্যাচ খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে, ১১০ রান করেছেন ১৮৯.৫৬ স্ট্রাইক রেটে। ছিল ১১টি চার ও ৭টি ছক্কার মার। এর মধ্যে দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে অভিষেকের ৩৯ বলে ৭৪ রানের ইনিংসটা তো খুব সহজে মনে হয় না ভুলতে পারবেন পাকিস্তানি বোলাররা।

ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং
ফাইল ছবি

হরভজন এমন দুঃস্বপ্ন আবারও দেখার সতর্কবার্তাই দিয়েছেন পাকিস্তানকে। অভিষেককে বিশ্বমানের ব্যাটসম্যান বলেই মনে করেন ভারতের হয়ে ১০৩ টেস্ট, ২৩৬ ওয়ানডে এবং ২৮ টি-টুয়েন্টি খেলা সাবেক এই স্পিনার, ‘সত্যিকারের কিছু স্লগারের নাম বলতে শুরু করলে কেউ কেউ কষ্ট পেতে পারেন। কিন্তু আমি বিতর্ক তৈরি করতে চাই না। তবু বলতে চাই, কাউকে এভাবে স্লগার বলে ডাকাটা আমার কাছে অন্যায্য। অভিষেক উঁচুমানের ব্যাটসম্যান, যে বিশ্ব ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছে।’

আরও পড়ুন
অভিষেক ক্রিজে থাকলে সবাইকে মনে করিয়ে দেবে সে কী জিনিস। গত চার-পাঁচ ধরে সে এরই মধ্যে তোমাদের স্বপ্নে হানা দিচ্ছে। আগামীকাল (আজ) বড় রান করলে পরবর্তী ছয় মাসের জন্য সে তোমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।
হরভজন সিং, ভারতের সাবেক ক্রিকেটার

টেস্টে ৪১৭, ওয়ানডেতে ২৬৯ ও টি-টুয়েন্টিতে ২৫ উইকেট নেওয়া হরভজন এরপর বলেন, ‘অপেক্ষা করে দেখুন কাল (আজ) কী ঘটে। অভিষেক ক্রিজে থাকলে সবাইকে মনে করিয়ে দেবে সে কী জিনিস। গত চার-পাঁচ ধরে সে এরই মধ্যে তোমাদের স্বপ্নে হানা দিচ্ছে। আগামীকাল (আজ) বড় রান করলে পরবর্তী ছয় মাসের জন্য সে তোমাদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়াবে।’

গতকাল ভারতের অনুশীলনে অভিষেক শর্মা
এএফপি

পাকিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি অভিষেক খেলতে পারবেন কি না, তা নিয়ে সন্দেহ ছিল। পেটের পীড়ায় ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সুস্থ হয়ে ফিরেছেন অনুশীলনে। ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব গতকাল সংবাদ সম্মেলনে অভিষেকের আজ খেলার বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন