বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় অফিশিয়ালদের বহর, ব্রাজিল–আর্জেন্টিনার মাইলফলক

২০২৬ বিশ্বকাপ ট্রফিএএফপি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য ১৭০ জন ম্যাচ অফিশিয়ালের নাম ঘোষণা করেছে ফিফা। এর ফলে টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ অফিশিয়ালের বহর দেখতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ। এবারের বিশ্বকাপে রেফারিংয়ে মাইলফলক গড়বে আর্জেন্টিনা ও ব্রাজিলও। কারণ, প্রথমবারের মতো এক বিশ্বকাপে দুটি দেশের তিনজন করে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন।

প্রিমিয়ার লিগ থেকে সাতজন অফিশিয়াল এই টুর্নামেন্টে দায়িত্ব পালন করবেন। তাঁদের মধ্যে আছেন রেফারি মাইকেল ওলিবার ও অ্যান্থনি টেইলর। জ্যারেড জিলেট ভিএআর অফিশিয়াল হিসেবে কাজ করবেন।

মেজর লিগ সকার (এমএলএস) থেকেও ১১ জন অফিশিয়াল নির্বাচিত হয়েছেন। যুক্তরাষ্ট্রের ইসমাইল ইলফাথ ও তোরি পেনসো এবং কানাডার ড্রিও ফিশার রেফারির দায়িত্বে থাকবেন। ভিএআরে থাকবেন জো ডিকেরসন ও আরমান্দো ভিয়ারিয়াল।

৩৯ বছর বয়সী পেনসো ২০২৩ নারী বিশ্বকাপের ফাইনাল পরিচালনা করেন এবং ২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পাওয়া ছয় নারী অফিশিয়ালের একজন। তাঁর সঙ্গে আছেন সহকারী রেফারি ব্রুক মায়ো ও ক্যাথরিন নেসবিট। এই তিনজন মিলে বিশ্বকাপে একমাত্র পুরোপুরি নারী অনফিল্ড অফিশিয়েটিং দল গঠন করেছেন।

২০২২ বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো নারী হিসেবে পুরুষদের ম্যাচে রেফারিং করে ইতিহাস গড়েন ফ্রান্সের স্টেফানে ফ্রাপার্ট। তিনি কোস্টারিকা ও জার্মানির গ্রুপ পর্বের ম্যাচে একটি সম্পূর্ণ নারী রেফারি দলের অংশ ছিলেন।

আরও পড়ুন

পোল্যান্ডের শেমন মারচিনিয়াক, যিনি ২০২২ বিশ্বকাপ ফাইনাল পরিচালনা করেন, তাঁকেও ২০২৬ বিশ্বকাপের জন্য রাখা হয়েছে। তাঁর সঙ্গে সহকারী হিসেবে থাকছেন টমাশ লিস্টকিয়েভিচ। সর্বশেষ বিশ্বকাপ ফাইনালে মারচিনিয়াকের পারফরম্যান্স ব্যাপকভাবে প্রশংসিত হয়েছিল।

২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপ ফাইনালের রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে, ২০২৫ চ্যাম্পিয়নস লিগ ফাইনাল পরিচালনা করা ইস্তভান কোভাকস এবং ২০২৪ সালের কোপা আমেরিকা ফাইনাল পরিচালনাকরী রাফায়েল ক্লস এই তালিকায় রয়েছেন।

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কলিনা
রয়টার্স

আর্জেন্টিনা থেকে যে তিনজন রেফারিং করবেন তাঁরা হলেন, ইয়ায়েল ফালকোন পেরেজ, দারিও এরেরা এবং ফাকুন্দো টেলো। সহকারী রেফারি হিসেবে থাকবেন হুয়ান পাবলো বেলাত্তি, ম্যাক্সিমিলিয়ানো দেল ইয়েসো, গ্যাব্রিয়েল চাদে, ফাকুন্দো রদ্রিগেস এবং ক্রিস্টিয়ান নাভারো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) হিসেবে দায়িত্ব পালন করবেন এরনান মাস্ত্রাঞ্জেলো।

এই তিনজন প্রধান রেফারির মধ্যে শুধু টেলোই আগে বিশ্বকাপে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০২২ বিশ্বকাপে তিনটি ম্যাচ পরিচালনা করেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল মরক্কো বনাম পর্তুগাল কোয়ার্টার ফাইনাল। এ ছাড়া তিনি দায়িত্ব পালন করেছিলেন সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন এবং পর্তুগাল বনাম দক্ষিণ কোরিয়ার গ্রুপ পর্বের ম্যাচেও।

আরও পড়ুন

আর্জেন্টিনার মতোই ব্রাজিলও প্রথমবারের মতো বিশ্বকাপে তিনজন প্রধান রেফারি পাঠানোর সুযোগ পাচ্ছে। সব মিলিয়ে দেশটি মোট নয়জন শীর্ষ পর্যায়ের ম্যাচ অফিশিয়াল পাঠাচ্ছে, যেখানে প্রধান রেফারি হিসেবে থাকছেন রাফায়েল ক্লস, উইল্টন সাম্পাইও এবং র‍্যামন আবাত্তি।

পাঁচজন থাকবেন সহকারী রেফারি হিসেবে। তাঁরা হলেন ব্রুনো বোশিলিয়া, ব্রুনো পাইরেস, দানিলো মানিস, রদ্রিগো ফিগেইরেদো ও রাফায়েল আলভেস। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) দায়িত্বে থাকবেন রোদোলফো তোস্কি।

রেফারি বিশাল বহর দেখা যাবে বিশ্বকাপে
রয়টার্স

ফিফা জানিয়েছে, আগামী ১১ জুন শুরু হতে যাওয়া বিশ্বকাপে মোট ৫২ জন রেফারি, ৮৮ জন সহকারী রেফারি এবং ৩০ জন ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দায়িত্ব পালন করবেন। তাঁরা মোট ৫০টি সদস্যদেশের প্রতিনিধিত্ব করছেন।

ফিফা গতকাল অফিশিয়ালদের এই তালিকা ঘোষণায় বলেছে, ‘উচ্চপর্যায়ের প্রতিযোগিতায় ধারাবাহিক ও মানসম্পন্ন পারফরম্যান্স’ বিবেচনায় এই নির্বাচন করা হয়েছে। পুরো নির্বাচনপ্রক্রিয়া তিন বছর ধরে চলেছে। ম্যাচ অফিশিয়ালরা এবং সহকারী রেফারিরা টুর্নামেন্ট চলাকালে মায়ামিতে থাকবেন, আর ভিএআর অফিশিয়ালরা থাকবেন ডালাসে।

আরও পড়ুন

ফিফার প্রধান রেফারিং কর্মকর্তা পিয়ের লুইজি কলিনা বলেছেন, ‘নির্বাচিত ম্যাচ অফিশিয়ালরা বিশ্বের সেরা। তাঁরা গত তিন বছরে একটি বড় পুল থেকে নজরদারির মাধ্যমে বাছাই হয়েছেন। এটি হতে যাচ্ছে ফিফার ইতিহাসের সবচেয়ে বড় ম্যাচ অফিশিয়ালদের দল। কাতার ২০২২ বিশ্বকাপের তুলনায় এবার ৪১ জন বেশি অফিশিয়াল থাকছেন।’

ফিফা আরও নিশ্চিত করেছে, এবার ৪৮ দলের বিশ্বকাপে রেফারিদের শরীরে ক্যামেরা (বডি ক্যামেরা) ব্যবহার করা হবে। এর আগে এগুলো ফিফা ক্লাব বিশ্বকাপেও ব্যবহার করা হয়েছিল। পরের প্রিমিয়ার লিগসহ অন্যান্য শীর্ষ লিগেও চালু করা হয়।