মেয়েকেই নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিচ্ছেন কিম জং–উন: দাবি দক্ষিণ কোরিয়ার

বাবা কিম জং–উনের সঙ্গে মেয়ে কিম জু আয়েফাইল ছবি: রয়টার্স

উত্তর কোরিয়ার নেতা কিম জং–উন তাঁর কিশোরী মেয়ে কিম জু আয়েকে নিজের উত্তরসূরি নির্বাচিত করেছেন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার দেশটির আইনপ্রণেতারা এ দাবি করেছেন।

কিম জু আয়ে সম্পর্কে খুব বেশি তথ্য জানা যায় না। তবে বাকি বিশ্ব একমাত্র জু আয়েকে কিমের সন্তান হিসেবে চেনে।

সম্প্রতি শীর্ষ পর্যায়ের কয়েকটি অনুষ্ঠানে বাবা কিম জং–উনের পাশে জু আয়েকে দেখা গেছে। বিশেষ করে গত বছরের সেপ্টেম্বরে কিমের চীনের রাজধানী বেইজিং সফরের সময় জু আয়ে বাবার সফরসঙ্গী হয়েছিল। জানা যায়, সেটি ছিল জু আয়ের প্রথম বিদেশ সফর।

দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস) বলেছে, জু আয়ে সম্পর্কে তাদের এই মূল্যায়ন তৈরি করার সময় তারা ‘নানা পরিস্থিতি’ বিবেচনায় নিয়েছে, যার মধ্যে অন্যতম ছিল সরকারি অনুষ্ঠানে তার ক্রমবর্ধমান প্রকাশ্য উপস্থিতি।

এ মাসের শেষ দিকে উত্তর কোরিয়ার দলীয় কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জু আয়ে ওই কংগ্রেসে উপস্থিত হয় কি না, তার ওপর নজর রাখছে এনআইএস। উত্তর কোরিয়ায় এটাই সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ, প্রতি পাঁচ বছর পরপর সেখানে দলীয় কংগ্রেস অনুষ্ঠিত হয়।

সাধারণত দলীয় কংগ্রেসে পিয়ংইয়ং পরবর্তী পাঁচ বছরের জন্য নিজেদের বৈদেশিক নীতি, যুদ্ধ পরিকল্পনা, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষাসহ অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে বিস্তারিত পরিকল্পনা তুলে ধরা হয়।

বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতা লি সং-কওন সাংবাদিকদের বলেন, জু আয়ে—যাকে এর আগে এনআইএস ‘উত্তরাধিকারী হিসেবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে’ বলে বর্ণনা করেছিল, সে এখন ‘উত্তরাধিকারী নির্ধারণ পর্যায়ে’পৌঁছে গেছে।

আরও পড়ুন
বেইজিংয়ে বাবা কিম জং–উনের পেছনে ট্রেন থেকে নেমেছে কিম জু আয়ে
ফাইল ছবি: রয়টার্স

লি বলেন, ‘কিম জু আয়ে বিভিন্ন অনুষ্ঠানে প্রকাশ্যে উপস্থিত হয়েছে, কোরিয়ান পিপলস আর্মির প্রতিষ্ঠাবার্ষিকী এবং নববর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে পরিবারের সঙ্গে কুমসুসান প্যালেস অব দ্য সানেও তাকে দেখা গেছে। নির্দিষ্ট কিছু রাষ্ট্রীয় নীতি নির্ধারণে তার মতামতের গুরুত্ব দেওয়ার বিষয়টি চিহ্নিত হয়েছে। তাই এনআইএস বিশ্বাস করে, এখন সে উত্তরাধিকারী হিসেবে নির্ধারণের পর্যায়ে পৌঁছে গেছে।’

কিম জু আয়ে কিম জং–উন ও রি সল জুর একমাত্র পরিচিত সন্তান। এনআইএস বিশ্বাস করে, কিম জং–উনের একটি বড় ছেলে রয়েছে, তবে এই ছেলেকে কখনো স্বীকৃতি দেওয়া হয়নি এবং উত্তর কোরিয়ার গণমাধ্যমেও দেখা যায়নি।

কিম জং–উনের একটি মেয়ে থাকার খবর প্রথম প্রকাশ পায় একটি অপ্রত্যাশিত সূত্র থেকে। মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ডেনিস রডম্যান ২০১৩ সালে দ্য গার্ডিয়ান পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি গোপনে উত্তর কোরিয়া সফরের সময় ‘শিশু জু আয়েকে হাত দিয়ে ধরেছিলেন’।

আরও পড়ুন

ধারণা করা হয়, জু আয়ের বয়স ১৩ বা ১৪ বছর। ২০২২ সালে রাষ্ট্রীয় টেলিভিশনে জু আয়েকে প্রথম দেখা যায়। সেবার তাকে বাবার হাত ধরে উত্তর কোরিয়ার সর্বাধুনিক আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিদর্শন করতে দেখা যায়।

তার পর থেকে কিম জু আয়েকে মাঝেমধ্যেই রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে দেখা যেতে শুরু করে।

উত্তর কোরিয়ার ক্ষমতা কিম পরিবারের তিন প্রজন্মে হস্তান্তরিত হয়েছে। তাই সাধারণভাবে ধারণা করা হয়, কিম জং–উন তাঁর মেয়ে কিম জু আয়ের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন।

তবে কেন একটি বড় ছেলে থাকার পরও মেয়ে জু আয়েকে ভবিষ্যৎ উত্তরাধিকারী হিসেবে সামনে আনা হচ্ছে, সে রহস্য রয়েই গেছে।

আরও পড়ুন