বৈশ্বিক খাদ্যসংকটের চাপ সামাল দিতে ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানিতে অনুমোদন দেওয়ার পরও উন্নয়নশীল দেশগুলোর তাতে খুব একটা লাভ হয়নি। এখন ইউক্রেন থেকে রপ্তানি হওয়া খাদ্যশস্যের বেশির ভাগ উন্নয়নশীল দেশগুলোয় নয়, বরং ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোয় যাচ্ছে। আজ বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মন্তব্য করেছেন।
রাশিয়ার পূর্বাঞ্চলীয় বন্দরনগরী ভ্লাদিভোস্তকে আজ ইস্টার্ন ইকোনমিক ফোরামে (ইইএফ) ভাষণ দেন পুতিন। এ সময় তিনি বলেন, ইউক্রেন থেকে রপ্তানি হওয়া খাদ্যশস্যের সামান্য কিছু অংশ দরিদ্র ও উন্নয়নশীল দেশের মানুষ পাচ্ছে। বেশির ভাগ যাচ্ছে ইইউভুক্ত দেশগুলোয়।
রাশিয়ার পাশাপাশি ইউক্রেন বিশ্বের অন্যতম শীর্ষ খাদ্যশস্য রপ্তানিকারক দেশ। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ হামলা শুরুর পর দেশটি থেকে খাদ্যশস্য রপ্তানি বন্ধ হয়ে যায়। এতে বিশ্ববাজারে সরবরাহসংকট থেকে বেড়ে যায় খাবারের দাম। সংকট নিরসনে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় গত জুলাইয়ে চুক্তি করে ইউক্রেন ও রাশিয়া। এরপর ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলো থেকে খাদ্যশস্য রপ্তানির পথ খুলে যায়।
এ চুক্তি সইয়ের পর থেকে এখন পর্যন্ত খাদ্যশস্য নিয়ে ৮০টি জাহাজ ইউক্রেন ছেড়েছে বলে জানান ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এর মধ্যে মাত্র দুটি জাহাজের খাদ্যশস্য উন্নয়নশীল দেশগুলো পেয়েছে। বাকিগুলো ইউরোপে নিয়ে যাওয়া হয়েছে। পুতিনের অভিযোগ, ইউরোপের দেশগুলো ‘ঔপনিবেশিক আচরণ’ করছে। মানবিক সংকটের মধ্যেও উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার ওপর আরোপিত পশ্চিমা নিষেধাজ্ঞাকে ‘জ্বর’ আখ্যা দেন পুতিন। তিনি বলেন, পশ্চিমারা তাদের আচরণ অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। পশ্চিমাদের এ ‘নিষেধাজ্ঞা জ্বর’ গোটা বিশ্বের জন্য হুমকি। এ যুদ্ধ থেকে আরও শক্তিশালী সার্বভৌমত্ব নিয়ে ঘুরে দাঁড়াবে রাশিয়া। পুতিন আরও বলেন, ‘আমি নিশ্চিত, আমরা কিছুই হারাইনি ও কিছুই হারাব না।’
পশ্চিমা বিশ্বে গ্যাস বন্ধ করে ‘শীতল’ করার হুমকি দেন পুতিন। তিনি বলেন, রাশিয়ার গ্যাস ও তেল রপ্তানির ওপর যদি মূল্য বেঁধে দেওয়া হয়, তাহলে ইউরোপের বিভিন্ন দেশে জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হবে।
গত সপ্তাহে শিল্পোন্নত দেশগুলোর জোট জি–৭–এর নেতারা জ্বালানি বিক্রি করে রাশিয়ার তহবিল সংগ্রহ আটকাতে দেশটির জ্বালানি সম্পদের রপ্তানি মূল্য বেঁধে দেওয়ার ব্যাপারে একমত হন। পুতিন এ পরিকল্পনাকে অর্থহীন বলে মন্তব্য করেন। পুতিন বলেছেন, ইউরোপের জনজীবন খারাপ হওয়ার মূল কারণ পশ্চিমারা। কারণ, তারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়ে এ বিপর্যয় ডেকে এনেছে।
ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিন বলেন, রাশিয়া যুদ্ধ থেকে অর্জন করেছে, হারায়নি। রাশিয়া একটি সার্বভৌম পথে যাত্রা শুরু করেছে, যেটা বৈশ্বিক পরিমণ্ডলে তাদের প্রভাবের পুনরুত্থান ঘটবে।
গতকাল মঙ্গলবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ অভিযোগ করে বলেছেন, নিষেধাজ্ঞার কারণে রাশিয়া থেকে খাদ্যশস্য ও সার বিশ্ববাজারে পাঠানো যাচ্ছে না। তিনি আরও বলেন, পশ্চিমা দেশগুলো বৈশ্বিক সংকটের কথা বলছে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে তারা জাতিসংঘের মহাসচিবের কাছে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন পর্যন্ত তারা প্রতিশ্রুতি পালনের জন্য কিছুই করেনি।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর এমন অভিযোগের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে জাতিসংঘের মুখপাত্র স্টেফানি দুজারিক বলেন, ‘রাশিয়ার খাদ্যশস্য ও সার রপ্তানি খাতে নিষেধাজ্ঞার কারণে আমরা কঠিন সময় পার করছি। একাধিক সমস্যার মুখে রয়েছি। এসব সমস্যা দূর করার বিষয়ে কাজ করা হচ্ছে।’
ইউক্রেনের বন্দরগুলো থেকে খাদ্যশস্য রপ্তানি করার চুক্তিটি ১২০ দিন কার্যকর থাকবে। এ বিষয়ে জাতিসংঘে রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া গতকাল বলেন, ‘আমরা চাই রাশিয়ার জন্য যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেসব দ্রুত বাস্তবায়ন করতে হবে। আমরা রাশিয়া থেকে খাদ্যশস্য ও সার রপ্তানি করতে চাই।’