সম্প্রচার শেষ ০৯ জুন ২০২৬

নেতানিয়াহুকে ট্রাম্প বলেছেন, সতর্ক হয়ে যাও

০২: ০৯ , জুন ০৮

ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল

ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। সামাজিক মাধ্যম টেলিগ্রামে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি বিমানবাহিনী ইরানের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। খবর এএফপির।

তবে হামলায় ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানানো হয়নি। ঠিক কোথায় এই হামলা চালানো হয়েছে তাও ওই পোস্টে জানানো হয়নি।

এদিকে ইরানের স্থানীয় গণমাধ্যমের খবরে রোববার জানা গেছে, তেহরান আন্তর্জাতিক বিমানবন্দরে বাইরে থেকে আসা সব ফ্লাইট বাতিল করা হয়েছে।

আরও পড়ুন

ইরানের বার্তা সংস্থা মেহরের খবর বলছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খামেনি আন্তর্জাতিক বিমানবন্দরে সব ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর গত এপ্রিল মাসে এই বিমানবন্দরটি চালু করা হয়।

গত এপ্রিলের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই রোববার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

আরও পড়ুন
আরও পড়ুন
০২: ৩০ , জুন ০৮

তেহরানে দুটি ‘শক্তিশালী’ বিস্ফোরণ, আরও ৩ শহরে বিস্ফোরণের শব্দ

ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় আকাশে আলোর রেখা। জেরুজালেম, ৭ জুন ২০২৬। ছবি: রয়টার্স

ইরানের পশ্চিম আর মধ্যাঞ্চলে হামলা শুরু হয়েছে। দেশটির রাজধানী তেহরানে অন্তত দুটি ‘শক্তিশালী’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন টেলিগ্রামে জানায়, ইরানের তিনটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তেহরান, তাবরিজ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণ হয়েছে। মধ্যাঞ্চলের কারাজ শহরের পাশেও বিস্ফোরণ হয়েছে। 

ইরনা–এর খবর, তেহরানে অন্তত দুটি ‘শক্তিশালী’ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আর ইস্পাহানে অন্তত তিনটি বিস্ফোরণ হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলজুড়ে সামরিক লক্ষ্যবস্তুগুলোয় বিমান হামলা চালানো হচ্ছে। 

তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা

আরও পড়ুন
০২: ৩২ , জুন ০৮

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল: আইআরজিসি

ইরানের অভিজাত আইআরজিসি সদস্যদের প্যারেড
ফাইল ছবি: রয়টার্স

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই তথ্য জানিয়েছে।

আইআরজিসির এই বক্তব্য ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশ করেছে। আইআরজিসি বলেছে, আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইরানের ভূখণ্ডে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

তথ্যসূত্র: আল–জাজিরা

০২: ৫৯ , জুন ০৮

ইরান–ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় তেলের দাম বাড়ল

বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ও জ্বালানি প্রবাহের ওপর যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা নিয়ে ব্যবসায়ীসহ বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করছেন
প্রতীকী ছবি: রয়টার্স

ইসরায়েলের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর আজ সোমবার সকালে এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে হওয়া নাজুক যুদ্ধবিরতির পর এই প্রথম ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান। ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে।

বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম সোমবার সকালে ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯২ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে জ্বালানি তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা গেছে। গত এক সপ্তাহ ধরে প্রতি ব্যারেলের দাম প্রায় ৯৫ ডলারের আশপাশে ঘোরাফেরা করছে।

বৈশ্বিক জ্বালানি সরবরাহব্যবস্থা ও জ্বালানি প্রবাহের ওপর যুদ্ধের দীর্ঘমেয়াদি প্রভাব কী হতে পারে, তা নিয়ে ব্যবসায়ীসহ বিনিয়োগকারীরা হিসাব-নিকাশ করছেন।

সূত্র: বিবিসি

০৩: ২০ , জুন ০৮

তেহরানের শহর এলাকায় হামলা হয়নি, দাবি ইরানি গণমাধ্যমের

ইরানের রাজধানী তেহরানের একটি এলাকা
ছবি: রয়টার্স

ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলা হচ্ছে রাজধানী তেহরানেও। তবে তেহরানের শহর এলাকার কোনো লক্ষ্যবস্তুতে হামলা হয়নি বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

তেহরানের ফায়ার সার্ভিসের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আজ সোমবার ভোরে রাজধানীর পশ্চিমাংশে অন্তত দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

তেহরান ছাড়াও ইরানের তাবরিজ, ইস্পাহান ও কারাজের কাছে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

তবে এসব বিস্ফোরণের ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য প্রাথমিকভাবে জানা যায়নি। 

তথ্যসূত্র: বিবিসি

০৪: ০৮ , জুন ০৮

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে: ইসরায়েল

উত্তর ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্রের অংশ পড়ে থাকতে দেখা যাচ্ছে। ৭ জুন ২০২৬
ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে।

আইডিএফ বলেছে, এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।

দ্য টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, জেরুজালেম, তেল আবিবসহ মধ্য ইসরায়েলের আশপাশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে।

আইডিএফ আরও বলেছে, পরিস্থিতি মূল্যায়নের পর দেশজুড়ে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

০৪: ২০ , জুন ০৮

ইরান থেকে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা: আইডিএফ

ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে বলে জানিয়েছে আইডিএফ
ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আরেক দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা এই ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

এক বিবৃতিতে আইডিএফ বলেছে, এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।

সতর্কবার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে আইডিএফ।

তথ্যসূত্র: রয়টার্স ও বিবিসি

০৪: ২৬ , জুন ০৮

ইরানে হামলা ‘পরিচালনা ও তদারকি করছে’ ইসরায়েলি সেনাপ্রধানসহ উধ্বর্তন কর্মকর্তারা

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ইয়াল জামির
ফাইল ছবি: এএফপি

ইসরায়েলি সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল ইয়াল জামিরসহ জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তারা গত কয়েক ঘণ্টা ধরে ধারাবাহিকভাবে পরিস্থিতি পর্যালোচনা করে যাচ্ছেন। তাঁরা ইরানের ওপর ইসরায়েলের হামলা পরিচালনা ও তদারকি করছেন।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলি সেনাবাহিনী লিখেছে, ইসরায়েল রাষ্ট্রকে হুমকি দেয়—এমন যে কারও বিরুদ্ধে সব ক্ষেত্রে (সেক্টরে) অভিযান চালিয়ে যেতে তারা সতর্ক, সম্পূর্ণ প্রস্তুত।

তথ্যসূত্র: আল–জাজিরা

০৫: ০২ , জুন ০৮

ইসরায়েলে নিরাপত্তা পরিস্থিতির কারণে জেরুজালেমে মার্কিন দূতাবাস আজ বন্ধ

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস
ফাইল ছবি: রয়টার্স

জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস আজ সোমবার বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ইসরায়েলের ‘বর্তমান নিরাপত্তা পরিস্থিতির’ কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক বিবৃতিতে এই দূতাবাস জানিয়েছে, সব মার্কিন সরকারি কর্মীকে নিজ নিজ স্থানে আশ্রয় নিতে এবং সুরক্ষিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি

০৫: ১৮ , জুন ০৮

সৌদির বিমানঘাঁটিতে ‘বিস্ফোরণ’, জড়িত নয় দাবি ইরানের

সৌদি আরবের একটি এলাকা থেকে ধোঁয়া উড়ছে
ফাইল ছবি: রয়টার্স

সৌদি আরবের আল–খারজ বিমানঘাঁটিতে ‘বিস্ফোরণের’ শব্দ শোনো গেছে। এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইরান। 

ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি দেশটির একজন সামরিক কর্মকর্তার বরাতে এ খবর প্রকাশ করেছে। 

নাম প্রকাশ না করা ইরানি সামরিক কর্মকর্তা বলেন, ইরান আল–খারজ বিমানঘাঁটি নিশানা করে কোনো হামলা চালায়নি। 

এর আগে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ দেশটির আল–খারজ গভর্নরেটে সতর্কতা জারি করে। 

আল–খারজ বিমানঘাঁটিতে বিস্ফোরণের খবর প্রকাশের পর ইরানের পক্ষ থেকে হামলার কথা অস্বীকার করা হলো।

তথ্যসূত্র: আল–জাজিরা

০৫: ৩২ , জুন ০৮

ইরানের মাহশহরে পেট্রোকেমিক্যাল স্থাপনায় ইসরায়েলের হামলা

ইরানের মাহশহরে পেট্রোকেমিক্যাল কারখানা
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরে পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালিয়েছে।

আইডিএফ বলেছে, এই হামলায় কমপ্লেক্সের বিভিন্ন অংশে আঘাত হানা হয়েছে। 

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে উল্লেখ করেছে আইডিএফ।

এর আগে ইরানের গণমাধ্যমগুলো দেশটির সরকারি কর্মকর্তাদের উদ্ধৃত করে এই হামলার খবর প্রকাশ করে। 

ইরানি গণমাধ্যম আরও জানায়, ক্ষয়ক্ষতি ও সম্ভাব্য হতাহতের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

তথ্যসূত্র: আল–জাজিরা ও বিবিসি

০৫: ৫৯ , জুন ০৮

ইসরায়েলের দুই বিমানঘাঁটি নিশানা করে হামলা: আইআরজিসি

ইরানের ক্ষেপণাস্ত্র
ফাইল ছবি: রয়টার্স

ইরানে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা ইসরায়েলের নেভাতিম ও তেল নোফ বিমানঘাঁটি নিশানা করে হামলা চালিয়েছে।

আইআরজিসি জানায়, কিছু আগেই এসব হামলা চালানো হয়।

আইআরজিসি বলছে, ইরানের তিনটি অঞ্চলে রাডার স্থাপনায় ইসরায়েল হামলা চালিয়েছে। এর জবাবে তারা এই হামলা চালিয়েছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

০৬: ১০ , জুন ০৮

নিরাপত্তা–সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক ডাকছেন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে নিরাপত্তা–সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক আহ্বান করতে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বেলা ১১টায় তিনি এই বৈঠক ডাকবেন বলে একাধিক ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েল এক বেনামী সূত্রের বরাতে জানিয়েছে, বৈঠকটি হবে সীমিত পরিসরে। এতে অল্পসংখ্যক গুরুত্বপূর্ণ মন্ত্রী অংশ নেবেন।

তথ্যসূত্র: আল–জাজিরা

০৬: ৩৭ , জুন ০৮

ইরানের সঙ্গে ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা ‘কয়েক দিন চলতে পারে’

ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় আকাশে আলোর রেখা। ৭ জুন ২০২৬
ছবি: রয়টার্স

ইসরায়েলি সেনা রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সামরিক বাহিনীর মূল্যায়ন অনুযায়ী, ইরানের বিরুদ্ধে চলমান অভিযান কয়েক দিন পর্যন্ত স্থায়ী হতে পারে।

ইসরায়েলি সেনা রেডিওর সাংবাদিক ডোরন কাদোশের তথ্যমতে, ইসরায়েলি সামরিক বাহিনী ‘বৃহৎ পরিসরে রিজার্ভ সেনা সক্রিয় করার প্রস্তুতি নিচ্ছে। একাধিক রিজার্ভ ব্যাটালিয়ন ডাকা হতে পারে।

টেলিগ্রামে দেওয়া এক পোস্টে কাদোশ আরও জানান, ইসরায়েল সীমান্ত এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করবে। বিশেষ করে অধিকৃত পশ্চিম তীর–জর্ডান সীমান্তে। ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ডও আজ সকালে বড় পরিসরে রিজার্ভ সেনা সক্রিয় করা শুরু করেছে।

তথ্যসূত্র: আল–জাজিরা

আরও পড়ুন
০৭: ০৬ , জুন ০৮

ইসরায়েলি ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ নিশানা করে হামলা চালানোর কথা জানাল হুতিরা

ইয়েমেনের হুতি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলে হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইয়েমেনের বিদ্রোহী হুতি গোষ্ঠী। তারা বলেছে, অধিকৃত জাফা অঞ্চলে ইসরায়েলি শত্রুর সংবেদনশীল লক্ষ্যবস্তু নিশানা করে হামলা চালানো হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছিল, ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে। এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কাজ করছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, তারা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচলের ওপর পূর্ণ ও সর্বাত্মক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। তারা উত্তেজনার জবাব উত্তেজনা দিয়েই দেবে।

হুতি গোষ্ঠী বলেছে, ‘ফিলিস্তিন, গাজা, ইরান, লেবানন ও ইরাকে আমাদের জনগণ এবং জিহাদ ও প্রতিরোধ অক্ষের জনগণের ওপর আরোপিত অন্যায্য অবরোধের মুখে আমরা নীরব থাকব না।’

তথ্যসূত্র: আল–জাজিরা

আরও পড়ুন
০৭: ৫২ , জুন ০৮

ইসরায়েলে হামলার কারণ জানাল আইআরজিসি

ইব্রাহিম জোলফাকারি
ছবি: ভিডিও থেকে নেওয়া

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, ইসরায়েলে চালানো এই হামলা আরও ব্যাপক জবাবের একটি সতর্কবার্তা। যদি আগ্রাসনের পুনরাবৃত্তি হয়, তাহলে ইসরায়েল ও এই অঞ্চলে তার সমর্থকদের বিরুদ্ধে আরও ব্যাপক জবাব দেবে ইরান।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি বলেন, ইসরায়েলি সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণাঞ্চলের উপশহরগুলোতে হামলা বন্ধ করতে হবে।

ইব্রাহিম জোলফাকারি বলেন, যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করে জায়নবাদী আগ্রাসী শাসনব্যবস্থা (ইসরায়েল) অপরাধী যুক্তরাষ্ট্রের সবুজসংকেত–সমর্থনে লেবাননের নিপীড়িত জনগণের ওপর দিন দিন নৃশংসতা বাড়িয়ে চলছে। জায়নবাদী সেনাবাহিনীকে দক্ষিণ লেবানন ও বৈরুতের উপশহরগুলোতে হামলা বন্ধ করতে হবে। তারা যদি ওই অঞ্চলে হামলা আরও বিস্তৃত করে বা ইরানের পদক্ষেপের জবাব দেয়, তাহলে তাদের আরও কঠোর ও অনুশোচনীয় আঘাতের মুখোমুখি হতে হবে। তখন ওই শাসনব্যবস্থা ও তার সমর্থকদের বিরুদ্ধে ধ্বংসাত্মক হামলা শুরু হবে।

তথ্যসূত্র: রয়টার্স

০৮: ২৪ , জুন ০৮

বদলা নিয়েছে ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা: আইআরজিসি

ইসরায়েলের হাইফায় আগেও হামলা চালিয়েছিল ইরান
ফাইল ছবি: রয়টার্স

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, তারা ইসরায়েলের হাইফা শহরের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

এর আগে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মাহশহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলা চালায় ইসরায়েল। একে ‘মার্কিন–ইসরায়েলি’ হামলা হিসেবে অভিহিত করেছে আইআরজিসি। তারা বলেছে, এর বদলা হিসেবে তারা ইসরায়েলের হাইফায় অনুরূপ একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

আইআরজিসি সতর্ক করে বলেছে, এ অঞ্চলে বেসামরিক ও জ্বালানি–সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে আরও হামলা হলে তার প্রভাব বৈশ্বিক অর্থনীতির ওপর পড়বে। এর দায়ভার যুক্তরাষ্ট্রকে বহন করতে হবে।

তথ্যসূত্র: আল–জাজিরা

০৯: ৩৩ , জুন ০৮

তেহরানের আকাশে ‘মার্কিন–জায়নবাদী শত্রুর’ ড্রোন, ধ্বংসের দাবি ইরানের

তেহরানের একটি রাস্তায় ইসরায়েলবিরোধী দেয়ালচিত্র
ফাইল ছবি: রয়টার্স

ইরানের রাজধানী তেহরানের আকাশে ‘মার্কিন–জায়নবাদী শত্রুর’ একটি ড্রোন লক্ষ্যবস্তু করে তা ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। ইরানের মেহর বার্তা সংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, তেহরানের আকাশে ড্রোনটি উড়ছিল। তখন সেটিকে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ভূপাতিত করে।

এর আগে ইরানের রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ ছাড়া দেশটির ইস্পাহান শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তথ্যসূত্র: আল–জাজিরা ও বিবিসি

১০: ০৩ , জুন ০৮

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

পরস্পরের বিরুদ্ধে হামলা অবিলম্বে বন্ধ করতে ইসরায়েল ও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প তাঁর মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে এই আহ্বান জানান।

মার্কিন প্রেসিডেন্ট তাঁর পোস্টে বলেন, ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পরস্পরের বিরুদ্ধে হামলা চালানো বন্ধ করতে হবে।

তথ্যসূত্র: আল–জাজিরা ও বিবিসি

১০: ৪১ , জুন ০৮

ইয়েমেনের হুতি গোষ্ঠীর হুঁশিয়ারি, লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল করতে পারবে না

ইয়েমেনের হুতি গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের কোনো জাহাজ লোহিত সাগর দিয়ে চলাচল করতে পারবে না। হুতি সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি লোহিত সাগরে ইসরায়েলি সামুদ্রিক যানের চলাচলে ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ ঘোষণা করেছেন।

ইরানের সমর্থনে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর হুতি সামরিক শাখা থেকে এ ঘোষণা এল।

সূত্র: আল জাজিরা।

১১: ৫১ , জুন ০৮
ইরানের জাতীয় পতাকা
ফাইল ছবি: রয়টার্স

হামলা বন্ধের ঘোষণা ইরানের, তবে ইসরায়েল হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে

আপাতত হামলা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। তবে ইসরায়েল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর জবাব দেওয়া হবে।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘সশস্ত্র বাহিনীর চলমান অভিযান সমাপ্তির ঘোষণা দেওয়া হলো।’ পাশাপাশি বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইসরায়েল যদি ইরান ও লেবাননে হামলা চালাতে থাকে তেহরান ‘আগের চেয়ে আরও কঠোর এবং শক্তিশালী’ জবাব দেবে।

সূত্র: বিবিসি

১২: ২১ , জুন ০৮
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ফাইল ছবি: রয়টার্স

ইরান যুদ্ধের ময়দান ছাড়েনি, আলোচনার টেবিলও ছাড়েনি: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান যুদ্ধের ময়দান ছাড়েনি আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনার টেবিলও ছেড়ে যায়নি। আজ সোমবার এক এক্স বার্তায় এ কথা বলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, ‘কূটনীতি ও প্রতিরক্ষা— জাতীয় ক্ষমতার দুটি ডানা। আমরা যুদ্ধের ময়দান ছাড়িনি, আলোচনার টেবিলও ছাড়িনি।’

সূত্র: আল–জাজিরা।

১৪: ২৪ , জুন ০৮

ইরান–ইসরায়েল পাল্টাপাল্টি হামলা: যা জানা গেল

* ইরানের সামরিক বাহিনী বলেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করেছে। তবে সতর্ক করে দিয়ে বলেছে, ইসরায়েল লেবাননে বা ইরানে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে।

* একজন জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুরোধে ইসরায়েলও ইরানের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ করেছে।

* এর আগে ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে, মার্কিন প্রেসিডেন্ট উভয় পক্ষকে অবিলম্বে পরস্পরের ওপর হামলা থামানোর আহ্বান জানান। তিনি বলেন, ‘শান্তির প্রক্রিয়া’ চলবে।

* ইয়েমেনের হুতি গোষ্ঠী লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ চলাচল ‘নিষিদ্ধ’ ঘোষণা করেছে।

* ইরান ও ইসরায়েল পাল্টাপাল্টি হামলা। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সূত্র: আল–জাজিরা।

১৯: ৪৬ , জুন ০৮
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান চায় না: গালিবাফ

ইরানের পার্লামেন্টের স্পিকার ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিও চাইছে না, আবার সংলাপও চাইছে না। তিনি বলেন, ইরানের উচিত দেশের জনগণের অধিকার রক্ষায় চূড়ান্ত জবাব দেওয়া।

গালিবাফ বলেন, ‘আমরা কেবল প্রতিশ্রুতি বা স্লোগান নির্ভর হয়ে সামনে এগোতে চাই না; বরং ইরানি কর্তৃত্ব ও যৌক্তিকতার সঙ্গে আমাদের একটি সুকৌশলী বিজয় অন্বেষণ করতে হবে।’

ইরানের প্রধান আলোচক বলেন, ‘সামরিক ক্ষেত্র, কূটনৈতিক ক্ষেত্র, জনগণের অংশগ্রহণের ক্ষেত্র এবং জনগণের সেবার ক্ষেত্র—এগুলো হলো একই কাপড়ের সুতা ও তন্তুর মতো। আমরা যদি কূটনীতিকে কেবল বদ্ধ ঘরের সংলাপ এবং কূটনৈতিক হাসি হিসেবে বিবেচনা করি, তবে আমরা শুরুতেই ব্যর্থ হব।’

গালিবাফ আরও বলেন, ‘আমাদের লক্ষ্য যুদ্ধের অবসান এবং স্থিতিশীল নিরাপত্তা। বিরোধী পক্ষের ওপর আমাদের কোনো আস্থা নেই। নৌ অবরোধকে শত্রুর জন্য আমরা আরেকটি ব্যর্থতায় পরিণত করব।’

তথ্যসূত্র: আল–জাজিরা

২০: ৫০ , জুন ০৮
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁয়ে) ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
এএফপি ফাইল ছবি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে ইসরায়েল: নেতানিয়াহুকে বলেছিলেন ট্রাম্প

ইসরায়েল যদি আবার ইরানে হামলা চালায়, তবে তেল আবিব যুক্তরাষ্ট্রের সমর্থন হারাতে পারে বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী ট্রাম্প বলেন, ‘আমি বলেছি, বিবি (নেতানিয়াহু), তোমাকে আরও সতর্ক হতে হবে; অন্যথায় খুব শিগগিরই তোমাকে একাই চলতে হবে (যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া)।’

গত রোববার ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালালে এই উত্তেজনা শুরু হয়। এর জবাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

রোববার রাতে এক ফোনালাপে নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান ট্রাম্প। যদিও ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে সোমবার ইরানে বেশকিছু লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল।

অ্যাক্সিওসকে ট্রাম্প বলেন, ‘(ইরান) আমাদের ফোন করেছিল এবং জানিয়েছে যে তারা আর কোনো হামলা চালাচ্ছে না। তারা আমাদের বলেছিল, আমরা যেন ইসরায়েলকে আর কোনো হামলা না করার জন্য বলি।’

একজন মার্কিন কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, ‘প্রেসিডেন্ট তাঁকে (নেতানিয়াহু) যা বলেছেন, সেটিকে তাঁর সম্মতি হিসেবে ব্যাখ্যা করার কোনো সুযোগ বিবির ছিল না। তাঁকে স্পষ্টভাবে বলা হয়েছিল যে প্রেসিডেন্ট এটি সমর্থন করেন না, কিন্তু তিনি যা করতে চান, তা-ই করেন।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘ইসরায়েলে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য বিবির এই যুদ্ধ চালিয়ে যাওয়া প্রয়োজন। আর যুক্তরাষ্ট্রে রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য ট্রাম্পের এই যুদ্ধ বন্ধ করা প্রয়োজন।’

তথ্যসূত্র: আল–জাজিরা

২২: ০৭ , জুন ০৮
ইসরায়েলের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ফাইল ছবি রয়টার্স

ইয়েমেন থেকে আসা ড্রোন ভূপাতিত করার দাবি ইসরায়েলের

ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এর কিছু সময় আগে ইসরায়েলের সবচেয়ে দক্ষিণের শহর এইলাতে সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, দেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত এইলাত এলাকায় সাইরেন বাজানো হয়েছে।

এর কয়েক মিনিট আগে ড্রোন অনুপ্রবেশের কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলের পশ্চিম গ্যালিলিতেও সাইরেন বেজে ওঠে।

গত এপ্রিলের শুরুর দিকে হওয়া যুদ্ধবিরতি চুক্তির মধ্যেই রোববার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জবাবে ইসরায়েলও পরদিন ইরানে হামলা চালালে পাল্টাপাল্টি হামলা চলতে থাকে। ইরানের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইয়েমেনের হুতিরাও।

তথ্যসূত্র: আল–জাজিরা

২৩: ২৮ , জুন ০৮
ইরানের জাতীয় পতাকা
ফাইল ছবি: রয়টার্স

চুক্তি চূড়ান্ত করতে পাকিস্তানের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র: জাতিসংঘে ইরানের দূত

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই দেশের মধ্যে মতবিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি।

সোমবার আফগানিস্তান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠক শেষে আমির সাইদ এ কথা বলেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য দিয়েছে।

আমির সাইদ বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান পাকিস্তানের মাধ্যমে ‘চূড়ান্ত একটি খসড়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর জন্য নিজেদের দৃষ্টিভঙ্গি ও মতামত উপস্থাপন এবং বিনিময় করছে’।

ইরানি দূত আরও বলেন, দুই দেশ ‘এখনো চুক্তির চূড়ান্ত খসড়ার বিষয়ে মতৈক্যে পৌঁছাতে পারেনি, তবে আমরা সেই চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তথ্যসূত্র: আল–জাজিরা

২৩: ৫১ , জুন ০৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
রয়টার্সের ফাইল ছবি

দুই সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করতে যাচ্ছে। সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এ আভাস দেন। লিন্ডসে গ্রাহাম মঙ্গলবারের প্রাইমারি ভোটে (দলীয় বাছাই) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্রাম্প বলেন, ‘আমরা এখন আলোচনা করছি এবং তারা (ইরান) একটি খুব ভালো চুক্তি করতে চায়। তারা আমাদের সবকিছু দিতে রাজি আছে, তারা আমাদের কোনো পরমাণু অস্ত্র না রাখার প্রতিশ্রুতি দিতেও রাজি আছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘আমি মনে করি, আমরা এই লড়াইয়ে জয়ী হচ্ছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে আপনারা সত্যিই জিততে যাচ্ছেন, যখন আমরা চূড়ান্ত বিজয় ঘোষণা করব। এটি একটি পরিপূর্ণ বা চূড়ান্ত বিজয় হবে, এটি খুব শিগগিরই ঘটবে। আর তখন তেলের দাম হুড়মুড় করে কমে যাবে।’

অবশ্য ‘দুই সপ্তাহের’ মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতির এ ধরনের প্রতিশ্রুতি ট্রাম্প এবারই প্রথম দেননি। গত ৮ এপ্রিল ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, তা প্রাথমিকভাবে দুই সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল। আর ওই সময়ের মধ্যে যুদ্ধ অবসানে উভয় পক্ষের একটি চুক্তি চূড়ান্ত করার কথা ছিল।

তথ্যসূত্র: সিএনএন

০১: ৩৬ , জুন ০৯

হামলা থামানোর ঘোষণা দিল ইরান–ইসরায়েল উভয়েই

ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার সময় আকাশে আলোর রেখা। ৭ জুন ২০২৬
ছবি: রয়টার্স

সহিংসতা ও পাল্টাপাল্টি হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইরান ও ইসরায়েল দুই দেশই।গতকাল সোমবার এ ঘোষণা দেয় দেশদুটি। 

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন,সংঘাত এখন নিয়ন্ত্রণে। এর কয়েক ঘণ্টা আগে তেহরান সামরিক পদক্ষেপ থামানোর ঘোষণা দেয়।

সোমবার তেহরান আপাতত হামলা বন্ধের ঘোষণা দেয়। তবে ইসরায়েল যদি আবার ইরানে বা লেবাননে হামলা চালায়, তাহলে এর জবাব দেওয়া হবে বলেও জানায় দেশটি।

ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর এক বিবৃতিতে এ কথা জানিয়েছিল।

দুই মাস পর ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় গতকাল রোববার দিবাগত রাতে। গতকাল সোমবার সকালেও তাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত ছিল।

তথ্যসূত্র: এএফপি

আরও পড়ুন
০২: ৪৫ , জুন ০৯

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর
ফাইল ছবি: রয়টার্স

ইরানের রাজধানী তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু হয়েছে। সৌদি আরব থেকে আসা হজযাত্রী বহনকারী ফ্লাইটগুলো বিমানবন্দরে অবতরণ করেছে। আজ মঙ্গলবার ভোরে ইরানি সংবাদ সংস্থাগুলো এই তথ্য জানিয়েছে।

ইরানের সংবাদ সংস্থা মেহর জানিয়েছে, তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দর কোম্পানির অপারেশন বিভাগের উপপ্রধান এই তথ্য নিশ্চিত করেছেন।

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর গতকাল রোববার তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরমুখী সব ফ্লাইটের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

তথ্যসূত্র: এএফপি

আরও পড়ুন
০৩: ১৯ , জুন ০৯

ইরানের সঙ্গে আলোচনায় লক্ষ্য অর্জনে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে আছে: ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স
ফাইল ছবি: রয়টার্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ফক্স নিউজকে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে।

ভ্যান্স বলেন, ‘ইরানিরা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না। এটি তাদের স্বার্থের অনুকূলে নয়। আমার মনে হয়, তারা আলোচনার টেবিলে আসছে এবং কিছু বাস্তব প্রস্তাবও দিচ্ছে। অবশ্যই আমরা সেগুলো যাচাই করব।’

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘যদি আমরা এই চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে এটি হবে আমেরিকান জনগণের জন্য এক বড় বিজয়।’

তথ্যসূত্র: আল–জাজিরা

০৩: ৫৩ , জুন ০৯

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে না জড়ানোর ব্যাপারে নেতানিয়াহুকে সতর্ক করেছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধে না জড়ানোর ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এ কথা জানিয়েছেন। সাক্ষাৎকারটি গতকাল সোমবার প্রকাশিত হয়।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি নেতানিয়াহুকে এই বলে সতর্ক করেছেন যে, ইরানের সঙ্গে আবার যুদ্ধে জড়ালে একসময় তাঁকে একাই লড়তে হতে পারে।

অ্যাক্সিওসের উদ্ধৃতি অনুযায়ী, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, ‘বিবি (নেতানিয়াহু), তোমাকে সতর্ক থাকতে হবে। তা না হলে তুমি খুব শিগগিরই একা হয়ে যাবে।’

তথ্যসূত্র: রয়টার্স