আসছে ড্রিমলাইনার, প্রথম যাবে কুয়ালালামপুরে

‘আকাশবীণা’ নামের ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ আগামীকাল রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ছবি: সংগৃহীত
‘আকাশবীণা’ নামের ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ আগামীকাল রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নতুন উড়োজাহাজ ৭৮৭ ড্রিমলাইনার দেশে আসছে। ‘আকাশবীণা’ নামের এ উড়োজাহাজ আগামীকাল রোববার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ৭৮৭ ড্রিমলাইনার বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিসংবলিত উড়োজাহাজ বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

আগামী ১ সেপ্টেম্বর ড্রিমলাইনারের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন রাতে ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর যাবে বিমানটি। এ উড়োজাহাজ যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১৫টি।

দেশে পৌঁছার পর ড্রিমলাইনারকে ওয়াটার ক্যানন স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হবে। বিমানটি দেশে আনতে গত বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) ইনামুল বারীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের সিয়াটলে বোয়িং কোম্পানির এভারেট ডেলিভারি ও অপারেশন্স সেন্টারে যায়।

২০০৮ সালে মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং কোম্পানির সঙ্গে ১০টি নতুন বিমান কিনতে ২ দশমিক ১ বিলিয়ন ইউএস ডলারের চুক্তি করে বিমান। এর মধ্যে চারটি নতুন বোয়িং ৭৭৭-৩০০ ইআর ও দুটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিমান বহরে যুক্ত হয়েছে। বাকি ৪টি উড়োজাহাজই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। দ্বিতীয়টি ড্রিমলাইনার আসবে এ বছরের নভেম্বরে। বাকি দুটি ড্রিমলাইনার বিমান বহরে যুক্ত হবে আগামী বছরের সেপ্টেম্বরে।

আগামী ১ সেপ্টেম্বর ড্রিমলাইনারের প্রথম ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন রাতে ঢাকা থেকে কুয়ালালামপুর যাবে বিমানটি। ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হতে যাওয়া চারটি ড্রিমলাইনারের নাম পছন্দ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো হলো আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ বলেন, আগামী ১ সেপ্টেম্বর ড্রিমলাইনারের প্রথম ফ্লাইট উদ্বোধনের পর প্রাথমিকভাবে ঢাকা-সিঙ্গাপুর ও ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। আকাশবীণায় আসনসংখ্যা থাকছে ২৭১। এর মধ্যে বিজনেস ক্লাস ২৪টি আর ২৪৭টি ইকোনমি ক্লাস। বিজনেস ক্লাসে ২৪টি আসন ১৮০ ডিগ্রি পর্যন্ত রিক্লাইন্ড সুবিধা এবং সম্পূর্ণ ফ্ল্যাটবেড হওয়ায় যাত্রীরা আরামদায়ক ভ্রমণ করতে পারবেন। বিমানটিতে যাত্রীরা ইন্টারনেট ও ফোন কল করার সুবিধা পাবেন।