খাসজমি থেকে গুদামঘর উচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামের চিলমারী উপজেলার জোড়গাছ এলাকায় গত রোববার রাতে রমনা মডেল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বাড়িতে হামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টায় একদল লোক জোড়গাছ পুরাতন বাজারের তেল ব্যবসায়ী আনোয়ার হোসেনের পাটের গুদামে হামলা চালিয়ে ভাঙচুর ও মালামাল লুট করে। আনোয়ার হোসেনের ভাই আবুল কাসেম দাবি করেন, গুদামঘরটি খাসজমিতে হওয়ায় ইউপি চেয়ারম্যান নুর-এ-ইলাহী তুহিন তা উচ্ছেদের নির্দেশ দেন। এ ঘটনার জের ধরে ওই দিন রাত ১০টার দিকে ১১ জন মোটরসাইকেলযোগে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা করেন। এ সময় গ্রামবাসীরা তাঁদের ধরে একটি ঘরে বেঁধে রাখেন। তবে একজন পালিয়ে যান। রোববার ভোরে ইউপি চেয়ারম্যানের বড় ভাই কুদরুত-এ-ইলাহী নয়ন ১১ জনকে আসামি করে চিলমারী থানায় মামলা করেন। পরদিন ১০ জনকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। একজন আসামি পলাতক রয়েছেন। ইউপি চেয়ারম্যান নুর-এ-ইলাহী তুহিন বলেন, খাসজমি উদ্ধার কিংবা ঠিকাদার আনোয়ার হোসেনের গুদামঘর উচ্ছেদের নির্দেশ আমি কাউকে দেইনি।