ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের মুক্তিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। পরশু সোমবারের মধ্যে দাবিগুলো মানা না হলে আগামী মঙ্গল ও বুধবার ধর্মঘট পালন করা হবে বলে হুমকি দিয়েছেন তাঁরা। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল সভাপতি ওমর ফারুক। এ সময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে পাঁচ দফা দাবি জানান। দাবিগুলো হলো—আটক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামসহ আটক হওয়া নেতা-কর্মীদের মুক্তি, নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহার, ক্যাম্পাসে ছাত্রসংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত করা, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ক্যাম্পাসে সব ধরনের বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা।
ওমর ফারুক জানান, আগামী সোমবারের মধ্যে পাঁচ দফা দাবি মানা না হলে ১৮ ও ১৯ ফেব্রুয়ারি সর্বাত্মক ধর্মঘট পালিত হবে। আর যদি ১৯ ফেব্রুয়ারির মধ্যে দাবি না মানা হয় তাহলে উপাচার্যের কার্যালয় ঘেরাওসহ লাগাতার কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
ছাত্রদল সভাপতি বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন এর মধ্যে দাবিগুলো মেনে নিলে কর্মসূচি প্রত্যাহার করার বিষয়ে চিন্তা করে দেখব আমরা।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, দপ্তর সম্পাদক শাহেদ আহমেদসহ দলীয় নেতা-কর্মীরা।