চট্টগ্রাম নগরের কদমতলী এলাকায় নির্মাণাধীন উড়ালসড়কের নকশা পরিবর্তনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় জনসাধারণ। গতকাল সোমবার সকালে কদমতলী, মতিয়ারপুল, ধলিয়ালাপাড়া উন্নয়ন কমিটির ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উন্নয়ন কমিটির সমন্বয়কারী মনজুর আলম, নুরুল আবছার, নুরুল ইসলাম, মো. শাহজাহান, আবদুল খালেক, লিয়াকত আলী প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রস্তাবিত নকশা অনুযায়ী উড়ালসড়ক তৈরি হলে হাজার হাজার মানুষ ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবেন। এ ছাড়া ফ্লাইওভারটি জনবহুল এলাকার ওপর দিয়ে তৈরির কারণে বহদ্দারহাটের ফ্লাইওভারের মতো দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এসব কিছু বিবেচনা করে দেওয়ানহাট-কদমতলী ফ্লাইওভারটির নকশা পরিবর্তনের দাবি জানান এলাকাবাসী।