গাজীপুরের কালিয়াকৈরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে শিপন রানা নামের এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল সোমবার বিকেলে উপজেলার তেরিচালা এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী, ছাত্রীটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, তেলিরচালার হলিচাইল্ড পাবলিক স্কুলের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল শিপন। একপর্যায়ে কুপ্রস্তাবও দেয়। এতে রাজি না হওয়ায় মেয়েটিকে অপহরণ ও অ্যাসিডে ঝলসে দেওয়ার হুমকি দেওয়া হয়। এ নিয়ে কয়েক মাস আগে সালিস বৈঠকও হয়।
গতকাল স্কুলে যাওয়ার পথে মেয়েটিকে আবারও অপহরণ করে নেওয়ার হুমকি দেয় শিপন। বিষয়টি জানতে পেরে এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ বিকেল চারটার দিকে শিপনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ শিপনকে আটক করে নিয়ে যায়।