
মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলার আসামি শফিউর রহমান ফারাবী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় খালাস পেয়েছেন। আজ বুধবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আস্সামছ জগলুল হোসেন এই রায় দেন।
সাইবার ট্রাইব্যুনালের কৌঁসুলি (পিপি) নজরুল ইসলাম শামীম আজ বুধবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, মামলার আসামি শফিউর রহমান ফারাবী কেন খালাস পেলেন, তা পূর্ণাঙ্গ রায় না দেখা পর্যন্ত এই মুহূর্তে বলা সম্ভব নয়। তবে মামলার আলামত হিসেবে কোনো ইলেকট্রনিকস ডিভাইস জব্দ করা হয়নি।
আদালত সূত্র বলছে, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হুমকি দিয়ে আসছিলেন ফারাবী। এই ঘটনায় ২০১৫ সালের ১৪ মার্চ রাজধানীর রমনা থানায় ফারাবীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে ওই বছরের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরের বছর ২০১৬ সালের ৫ এপ্রিল ফারাবীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন। তবে তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় ২০১০ সালে তিনি হিযবুত তাহ্রীরে সক্রিয় হয়ে পড়েন। ২০১৫ সালের ২ মার্চ রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিজ্ঞানবিষয়ক লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় সন্দেহজনক আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।