বিভিন্ন ‘আন্তর্দেশীয় অপরাধ দমনে’ একসঙ্গে কাজ করতে অস্ট্রেলিয়ার পুলিশের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ পুলিশ।
গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় বাংলাদেশের পক্ষে এ স্মারকে সই করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। আর, অস্ট্রেলিয়ার পক্ষে সই করেন দেশটির ফেডারেল পুলিশ কমিশনার এন্ড্রু কলভিন।
গতকাল সন্ধ্যায় ঢাকায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ মাদক-অস্ত্র ও মানব পাচার, জলদস্যুতা, মানি লন্ডারিং, সাইবার ক্রাইম, পাইরেসিসহ অন্যান্য আন্তর্দেশীয় অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। অনুষ্ঠানে আইজিপি শহীদুল হক বলেন, এই সমঝোতা দুই দেশের পুলিশের কারিগরি সামর্থ্য বৃদ্ধি এবং এই অঞ্চলে সন্ত্রাস ও আন্তর্দেশীয় অপরাধ দমনে ভূমিকা রাখবে।