সংক্ষেপ

এক ব্যক্তির মৃত্যু

নীলফামারীর জলঢাকা উপজেলায় জামগাছ থেকে পড়ে আলমগীর হোসেন (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার বেলা তিনটার দিকে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ডোলঢিপিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আলমগীর ওই গ্রামের বাসিন্দা। আলমগীরের কয়েকজন প্রতিবেশী বলেন, আলমগীর পেশায় রিকশাভ্যানচালক। বিকেলে প্রতিবেশী জয়নাল আবেদীনের একটি গাছে জাম পাড়তে ওঠেন তিনি। এ সময় জামগাছের ডাল ভেঙে মাটিতে পড়ে জ্ঞান হারান তিনি। স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হাসান বলেন, ‘আলমগীরকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’