এক দিনের ব্যবধানে সিলেট নগরে আবারও সড়ক দুর্ঘটনা ঘটল। এবার নিহত হয়েছেন এক রিকশাচালক। গতকাল বিকেলে নগরের শেখঘাট জিতু মিয়ার পয়েন্টে কাজীরবাজার সেতুর মুখে এ দুর্ঘটনা ঘটে। এর আগে গত মঙ্গলবার সকালে নগরের মাদানীবাগ এলাকায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত হয়েছিলেন। বিকেল পাঁচটায় কাজিরবাজার সেতুর মুখে এক রিকশাচালক তাঁর রিকশায় বসে যাত্রীদের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সেতু দিয়ে আসা দ্রুতগতির একটি মাইক্রোবাস রিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়। তবে গতকাল সন্ধ্যা সোয়া সাতটা পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ।