চট্টগ্রামের কর্ণফুলীতে নৌকা পারাপারে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে নৌবাহিনীর বিএনএফডি সুন্দরবন ডক সংলগ্ন বার্থ এলাকায় লাশ দুটি পাওয়া যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশগুলো উদ্ধার করে।
যে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে তাঁরা হলেন কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচরের মোহাম্মদ হানিফ (২৫) ও আলী আকবর (৩০)। এখনো খোঁজ মেলেনি শেরপুর জেলার শংকর ঘোষ এলাকার হাবিবুর রহমানের (৩০)। তিনি স্থানীয় একটি বিদ্যুৎকেন্দ্রে চাকরি করতেন। তাঁর খোঁজে উদ্ধারকর্মীরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার সন্ধ্যা ছয়টার দিকে কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর থেকে নগরের সল্টগোলা ঘাটে যাওয়ার সময় যাত্রীবাহী একটি নৌকার ইঞ্জিন মাঝপথে বিকল হয়ে যায়। ওই সময় একটি জাহাজের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগলে নৌকা থেকে ভয়ে লাফ দেন কয়েকজন। ওই সময় নিখোঁজ হন এই তিনজন। লাশ উদ্ধার ও শনাক্তের পর পুলিশ প্রশাসনের মধ্যস্থতায় পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তক্ষেপের প্রক্রিয়া চলছে।
কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুজন বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘লাশ উদ্ধারের পর স্বজনেরা তা শনাক্ত করেন।’