ঝালকাঠিতে গত বুধবার শুরু হওয়া আইজিপি কাপ যুব কাবাডি প্রতিযোগিতায় কাঠালিয়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় জেলার চার উপজেলার চারটি দল অংশ নেয়। গতকাল বৃহস্পতিবার ঝালকাঠি পুরোনো স্টেডিয়ামে সদর উপজেলা ও কাঠালিয়া উপজেলা দল ফাইনাল খেলায় অংশ নেয়। এতে কাঠালিয়া দল ৫৮-৩২ পয়েন্টে সদরকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ প্রমুখ।