মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের পর গতকাল বৃহস্পতিবার দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর আঞ্চলিক কার্যালয়, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: ফাঁসির রায় ঘোষণার পর কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা-জনতা আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। খরমপট্টি এলাকা থেকে দুপুরে একটি মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।
গোপালগঞ্জ: ফাঁসির আদেশের পর গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেছেন। বেলা আড়াইটায় প্রেসক্লাবের সামনে থেকে আনন্দ মিছিল বের করা হয়।
নেত্রকোনা: নেত্রকোনা তরুণ প্রজন্মের ব্যানারে গতকাল শহরে আনন্দ মিছিল বের করা হয়। জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মৌলভীবাজার: মৌলভীবাজারে আনন্দ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল বিকেলে মৌলভীবাজার পৌরসভা প্রাঙ্গণের মেয়র চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পাবনা: দুপুরে আনন্দ মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়।
সুনামগঞ্জ: ফাঁসির রায় ঘোষণার পর তাৎক্ষণিক সুনামগঞ্জ শহরে আনন্দ মিছিল করেছে জেলা আওয়ামী লীগ ও গণজাগরণ মঞ্চ।