কুষ্টিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

কুষ্টিয়া সদর উপজেলার আবদালপুর মাঠে ফুটবল খেলা কেন্দ্র করে এক পক্ষের হামলায় অন্য পক্ষের ৫০ জনের বেশি খেলোয়াড়-সমর্থক আহত হয়েছে। আজ বুধবার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ শেষে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সেমিফাইনালের খেলায় আজ মুখোমুখি হয়েছিল জিয়ারুখী ইউনিয়ন ও বারখাদা ইউনিয়ন। খেলা শেষে বারখাদা ইউনিয়নের খেলোয়াড়-সমর্থকেরা ট্রাকে করে বাড়ি ফিরছিল। পথে তাদের ওপর হামলা চালায় জিয়ারুখী ইউনিয়নের সমর্থকেরা। এতে শিশুসহ ট্রাকে থাকা বারখাদার খেলোয়াড়-সমর্থকেরা গুরুতর আহত হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।