চট্টগ্রামের পশ্চিম পটিয়ার বড় উঠান দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের শহীদ মিনার ভাঙচুর এবং হত্যাচেষ্টার অভিযোগে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্রিগেডিয়ার (অব.) হাসান নাছিরসহ সাতজনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা ২০-৩০ কর্মকর্তা-কর্মচারীকে আসামি করে কর্ণফুলী থানায় একটি মামলা হয়েছে৷ গত সোমবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির শিক্ষানুরাগী সদস্য মো. শহীদুল্লা বাদী হয়ে মামলাটি করেন৷
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২ জুন কেইপিজেডের পাশে বড় উঠান ইউনিয়নের উত্তর দেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সংস্কারের কাজ চলছিল৷ ওই জমি নিয়ে কেইপিজেড কর্তৃপক্ষের সঙ্গে বিরোধ থাকায় কেইপিজেডের নিরাপত্তাপ্রহরীরা কাজে বাধা দেন৷ একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়৷ তখন কেইপিজেডের লোকজন বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনার ও ভূমি প্রতিমন্ত্রীর ভিত্তিপ্রস্তর ভাঙচুর করেন৷ পরে কর্ণফুলী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
কেইপিজেডের গণসংযোগ কর্মকর্তা আনোয়ারুল আজিম দাবি করেন, শহীদ মিনার ও মন্ত্রীর নামফলক ভাঙচুরের সঙ্গে কেইপিজেডের লোকজন জড়িত নন৷ কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাক আহমদ বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে৷