গণপরিবহনের সংকট নিরসনে পদক্ষেপ নেওয়ার আহ্বান

চট্টগ্রাম মহানগরে গণপরিবহনের তীব্র সংকট মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, ‘পরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের অযৌক্তিক ও লাগামহীন ভাড়া আদায়ের ফলে সীমিত ও নিম্ন আয়ের বিপুলসংখ্যক লোকজন তাঁদের হাতে জিম্মি হয়ে পড়েছেন। মহানগরের সড়কগুলোতে সকালে কর্মস্থলমুখী এবং বিকেলে ঘরমুখো হাজার হাজার মানুষের দুরবস্থা রীতিমতো হৃদয়বিদারক।’ এ-সংকট মোকাবিলায় বিআরটিসির বাসের সংখ্যা বাড়ানো এবং বেসরকারি গণপরিবহনের মালিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের ইতিবাচক ভূমিকা রাখার অনুরোধ জানিয়েছেন চেম্বার সভাপতি।