নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) গাজীপুরে আত্মঘাতী বোমা হামলার পঞ্চম বার্ষিকী আজ ২৯ নভেম্বর। ২০০৫ সালের এই দিনে গাজীপুর জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলরুমে জঙ্গি সংগঠন জেএমবি আত্মঘাতী বোমা হামলা চালায়। এতে চার আইনজীবী, চার বিচারপ্রার্থীসহ হামলাকারী জঙ্গি নিহত হন। হামলায় আহত হন অর্ধশতাধিক আইনজীবী ও বিচারপ্রার্থী। পরে বোমা হামলায় সৃষ্ট ক্ষতে ক্যানসার আক্রান্ত হয়ে আরও একজন আইনজীবী মারা যান। এ হামলায় নিহত আইনজীবীরা হলেন গাজীপুর বারের সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন, আনোয়ারুল আজিম, নুরুল হুদা ও গোলাম ফারুক। আহত আইনজীবী আবদুল্লাহ আল মামুন মাখন তিন বছরেরও বেশি সময় রোগে ভুগে মারা যান। এই ভয়াবহ হামলার দুই দিন পর ১ ডিসেম্বর দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের পাশে পুনরায় জেএমবি ফ্লাক্স বোমা হামলা চালায়। এতে কৃষি কর্মকর্তা আবুল কালাম নিহত এবং কয়েকজন সাংবাদিকসহ ২৫ জন আহত হন। এ উপলক্ষে জেলা আইনজীবী সমিতি বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন, শোক শোভাযাত্রা, সভা, মিলাদ ও দোয়া মাহফিল। নিহত ব্যক্তিদের স্মরণে আজ আইনজীবীরা কর্মবিরতি পালন করবেন।