চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার (সিএমপি) মো. মাহাবুবর রহমান বলেছেন, পবিত্র রমজান মাসে কোনো মার্কেট কিংবা শপিং মলে চাঁদাবাজি হবে না। চাঁদাবাজি হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) দায় নিতে হবে। গতকাল মঙ্গলবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে ব্যবসায়ী, পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে রমজান উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাসহ সার্বিক বিষয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় সিএমপি কমিশনার ব্যবসায়ীদের বলেন, চাঁদাবাজি হলে তাৎক্ষণিক মৌখিক বা ফোনে জানাবেন। সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। নিজেদের নিরাপত্তা আগে নিজেদের নিশ্চিত করতে হবে। আপনি সিসি ক্যামেরা রাখবেন না, স্বেচ্ছাসেবক রাখবেন না, অপরাধ হলে পুলিশ আসামি ধরবে—এমন ভাববেন, তা হবে না। মার্কেটের সামনে যাতে যানজট না থাকে এ জন্য পার্কিংয়ের ব্যবস্থা করুন। যানজট হলে ট্রাফিক পুলিশকে দোষ দেবেন না।
ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন বোনাস পরিশোধের জন্য সিএমপি কমিশনার অনুরোধ জানান। তিনি বলেন, পোশাকশ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে দিয়ে দেবেন। তাঁরা রাস্তায় নামলে শৃঙ্খলা ফেরাতে সময় লেগে যায়।
সভায় পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান পবিত্র রমজানে বিকেল সাড়ে তিনটা থেকে তারাবিহ্ শেষ না হওয়া পর্যন্ত পণ্যবাহী ভারী যানবাহন না চালানোর জন্য গাড়ির মালিক ও চালকদের অনুরোধ করেন। এ ছাড়া অতিরিক্ত ভাড়া ও যাত্রী পরিবহন না করার জন্য নির্দেশ দেন। সভায় ব্যবসায়ী, গাড়ি মালিক সমিতি, চালক সমিতির নেতাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।