চট্টগ্রামের পটিয়া উপজেলার জিরি ফকিরা মসজিদের কাছে গত বুধবার দিবাগত রাত ১০টায় অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীর ছুরিকাঘাতে চালক রবিউল হক (২৫) নিহত হয়েছেন। এ সময় গণপিটুনিতে অজ্ঞাতনামা (২২) ছিনতাইকারী নিহত হন। নিহত অটোরিকশাচালক চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মিয়াখান নগরের নূরুল আলমের ছেলে। তাঁর বাবা বাদী হয়ে পটিয়া থানায় হত্যা মামলা করেন।প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবেশী চার-পাঁচজন ছিনতাইকারী অটোরিকশাটি (চট্ট মেট্রো-থ ১১-৬৯৩১) পটিয়া বুধপুরা আসার জন্য ভাড়া করে। উপজেলার জিরি ফকিরা মসজিদ বাজারের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা নেমে অটোরিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায় এবং চালক রবিউলের পেটে ছুরিকাঘাত করে। এ সময় রবিউলের চিত্কারে আশপাশের লোকজন এগিয়ে এলে অন্যরা পালিয়ে গেলেও ছিনতাইকারীদের একজনকে গণপিটুনি দেওয়া হয়।