জাতীয় কৃষক সমিতির চার বছরমেয়াদি কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নড়াইলের লোহাগড়ায় দুই দিনব্যাপী ষষ্ঠ জাতীয় কৃষক সম্মেলনের শেষ দিন গতকাল রোববার বিকেলে ৬১ সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির কার্যকারী সভাপতি মাহামুদুল হাসান বলেন, দেশের বিভিন্ন জেলার নির্বাচিত ৬২৫ জন কাউন্সিলরের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়।
এর আগে গত শনিবার সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা।
এতে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ।
নুরুল হাসান কেন্দ্রীয় কমিটির সভাপতি ও আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক হয়েছেন। সাতজন সহসভাপতি হলেন জ্যোতি শংকর ঝন্টু, বসিরুল আলম, মনোজ সাহা, শেখ হাফিজুর রহমান, সাইদুর রহমান, বিশ্বজিৎ বাড়ৈ ও নজরুল ইসলাম। চারজন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হলেন করম আলী, মহিবুল্লাহ মোড়ল, পিয়ারুল ইসলাম ও নজরুল ইসলাম হাক্কানী ।