জাতীয় পার্টির (জাপা) সংসদীয় দলের আজ রোববারের পূর্বনির্ধারিত সভা স্থগিত করা হয়েছে। দলের বনানী কার্যালয়ে আজ বেলা ১১টায় ওই সভা হওয়ার কথা ছিল।
শূন্য হওয়া নারায়ণগঞ্জ-৫ আসনের (শহর-বন্দর) উপনির্বাচনে জাপার প্রার্থী মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে জাপার সংসদীয় দলের সভা ডাকা হয়েছিল।
দুপুর সাড়ে ১২টার দিকে জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে জানান, নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কিছু সময় লাগবে।
১ মে এই আসনের সাংসদ ও জাপার সভাপতিমণ্ডলীর সদস্য এ কে এম নাসিম ওসমান মারা যান। এতে আসনটি শূন্য হয়। আগামী ২৬ জুন এ আসনে ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র সংগ্রহের শেষ তারিখ ২৯ মে। বাছাই ১ জুন। প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন।