রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের পরিপ্রেক্ষিতে রুলের ওপর আগামী বুধবার পরবর্তী শুনানি হবে। গতকাল বৃহস্পতিবার বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চ পঞ্চম দিনের মতো শুনানি গ্রহণ করেন।গতকাল জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুর রাজ্জাক ও বেলায়েত হোসেন। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী মহসীন রশিদ ও তৌহিদুল ইসলাম। শুনানিকালে রিটের পক্ষে আইনজীবী তানিয়া আমীর উপস্থিত ছিলেন।জামায়াতের আইনজীবীরা বলেন, সর্বশেষ ২০১২ সালের ২ ডিসেম্বর জামায়াত একটি গঠনতন্ত্র জমা দেয়। এখানে অনেক মৌলিক পরিবর্তন আনা হয়েছে। এই সংশোধনীর ওপর নির্বাচন কমিশন চূড়ান্ত মতামত দেয়নি। এ অবস্থায় রিট অপরিপক্ব ও খারিজযোগ্য।