মিরসরাইয়ে জামিনে মুক্ত ছেলেকে দেখে মৃত্যু হয়েছে এক মায়ের। গত বুধবার গভীর রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামে এ ঘটনা ঘটে।একই গ্রামের শহীদ উদ্দীন জানান, গত ২৬ আগস্ট উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের খিলমুরারী গ্রামের আবুল বশরের ছেলে নূর ইসলাম জমিজমার বিষয় নিয়ে বাবা ও মাকে কুপিয়ে জখম করেন। এ ঘটনায় তাঁর বাবা আবুল বশর বাদী হয়ে মিরসরাই থানায় একটি মামলা করেন। পুুলিশ অভিযুক্ত নূর ইসলামকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠান।গত বুধবার নূর ইসলাম জামিনে বের হয়ে রাতে নিজ বাড়িতে আসেন। এ সময় নূর ইসলামের মা অজিবা খাতুন ছেলেকে দেখে চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। ঘরের ও আশপাশের লোকজন ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।