বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকা থেকে গতকাল মঙ্গলবার ভোরে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ফেনসিডিল পাচারে জড়িত অভিযোগে তিনজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলামের ভাষ্যমতে, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকা থেকে ঢাকাগামী একটি ট্রাকে (পাবনা-ট-১১-০৬৫১) ফেনসিডিল পাচার হচ্ছে—এমন তথ্য পায় র্যাব। বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশে গোলচত্বরে অস্থায়ী তল্লাশি চৌকি বসিয়ে ওই ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নামোচেকপাড়া গ্রামের ইলেজার হোসেন (৫০), সহকারী পাবনা সদর উপজেলার বালিয়াহালট চকজয়পুর গ্রামের আহাদ আলী (৩০) ও ফেনসিডিল ব্যবসায়ী মেরাজুল ইসলাম কালুকে (২৫) আটক করা হয়। ফেনসিডিলসহ আটক ব্যক্তিদের বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় সোপর্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।