টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) থেকে ২০ হাজার ৫০০ ল্যাপটপ কিনবে শিক্ষা মন্ত্রণালয়। দেশের বিভিন্ন এলাকার ২০ হাজার ৫০০ শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টি মিডিয়া শ্রেণীকক্ষ চালু করার জন্য এসব ল্যাপটপ কেনা হবে। এ বিষয়ে গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে চুক্তি সই হয়েছে। তথ্যপ্রযুক্তির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদ ও টেশিসের ব্যবস্থাপনা পরিচালক আবু সাইদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগসচিব সুনীল কান্তি বোস প্রমুখ উপস্থিত ছিলেন।