ট্রাকের চাপায় নিহত

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় জসিম আকন্দ (১৮) নামে এক ট্রাকচালকের সহকারী নিহত হয়েছেন। তিনি মাদারীপুরের কালকিনী উপজেলার পশ্চিম পূবালী গ্রামের নুরুল হক আকন্দের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার কুর্নীতে টাঙ্গাইলগামী একটি ট্রাক বিকল হয়। ট্রাকটি থামিয়ে সহকারী জসিম মেরামতের কাজ করছিলেন। এ সময় অপর একটি বালুবোঝাই ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে জসিম তাঁর ট্রাকের নিচেই চাপা পড়ে মারা যান। মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার এসআই মোজাম্মেল হক বলেন, জসীমের লাশ আইনি-প্রক্রিয়া শেষে পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।