পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় এক স্কুলছাত্রীকে (১৫) বাল্যবিবাহ দেওয়ার দায়ে তিন ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার রাতে ইউএনও এস এম ফরিদউদ্দিন এ সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কনের চাচা উপজেলার উত্তর সোনাখালী গ্রামের ইয়াকুব আলী (৩৫), ঘটক একই উপজেলার বাদুরতলী গ্রামের জাকির হোসেন (৩২) ও বরযাত্রী তাফালবাড়িয়া গ্রামের ইব্রাহিম খান (৩৬)। ইউএনও এস এম ফরিদউদ্দিন জানান, রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গেলে বর পালিয়ে যান। এ সময় কনের চাচা, ঘটক ও এক বরযাত্রীকে আটক করা হয়। তাঁদের ভ্রাম্যমাণ আদালতে এক মাস করে কারাদণ্ড দেন।