রংপুরে পুলিশের হাতে স্থানীয় তিন সাংবাদিক লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
লাঞ্ছনার শিকার স্থানীয় যুগের আলো পত্রিকার সাংবাদিক হারুন-অর-রশিদ বলেন, শুক্রবার রাত নয়টার দিকে টাউন হলের সামনের সড়কে সাদাপোশাকের কয়েকজন পুলিশ সদস্য এক যুবককে মারধর করছিলেন। তখন মুঠোফোনে ছবি তোলার সময় ওই পুলিশ সদস্যরা তেড়ে এসে হারুন-অর-রশিদের মুঠোফোন কেড়ে নেন। একপর্যায়ে অপর দুই সাংবাদিক শরিফুল ইসলাম ও সোয়েল রানা এগিয়ে এলে ওই পুলিশ সদস্য তাঁদের লাঞ্ছিত করেন।
ঘটনাটি জানার পর রংপুরের পুলিশ সুপার সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। এরপর অভিযুক্ত পুলিশের দুই কনস্টেবল মারুফ ও ইমরানকে সাময়িক বরখাস্ত করা হয়।