গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইদ এলাকায় অভিযান চালিয়ে গতকাল শনিবার অস্ত্রসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁরা হলেন উপজেলার মুলাইদ এলাকার নজরুল ইসলাম (২২) ও কাপাসিয়ার রাউদকোনা এলাকার জাহাঙ্গীর আলম (২৫)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, মাদক উদ্ধারে দুপুর দুইটার দিকে মুলাইদ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার আব্বাস আলীর বাড়ি থেকে নজরুল ও জাহাঙ্গীরকে আটক করা হয়। পরে নজরুলের কোমর থেকে একটি বিদেশি পিস্তল ও জাহাঙ্গীরের প্যান্টের পকেট থেকে ১০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।