দেশের অন্যান্য স্থানের মতো নওগাঁয় কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যসেবাদানকারীরা ধর্মঘট পালন করেছেন। কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাকরি জাতীয়করণের দাবিতে গতকাল বৃহস্পতিবার তাঁরা এ কর্মসূচি পালন করেন। সকাল থেকেই জেলার ১১টি উপজেলার ১৭৫টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত স্বাস্থ্যকর্মীরা সেবাদান কার্যক্রম বন্ধ রাখেন। স্বাস্থ্যকর্মীদের কর্মবিরতির কারণে গ্রামের হতদরিদ্র ও অসুস্থ রোগীরা চিকিৎসা না পেয়ে দুর্ভোগে পড়েন। বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন নওগাঁ জেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের দাবিতে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে এ ধর্মঘট কর্মসূচি পালন করছি।’