নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের উত্তর চাঁদখানা ছয়আনিপাড়ায় গতকাল রোববার ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এক পক্ষের হামলায় মঞ্জুরুল হোসেন (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার উত্তর চাঁদখানা ছয়আনি গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও একপর্যায়ে সংঘর্ষ হয়। রোববার সকালে ছয়আনিপাড়ার মঞ্জুরুল ডাঙ্গাপাড়ায় জমিতে কাজ করতে গেলে ডাঙ্গাপাড়ার লোকজন তাঁকে বেদম প্রহার এবং ছুরি দিয়ে আঘাত করে। এ সময় তাঁকে উদ্ধার করতে গেলে ছয়আনিপাড়ার ইসরাফিলকেও (২২) ধারালো অস্ত্র দিয়ে জখম করা হয়। সেখান থেকে রক্তাক্ত অবস্থায় পালিয়ে আসার সময় মঞ্জুরুল বাড়ির অদূরে মৃত্যুবরণ করেন।