পাঁচ দশক পেরিয়ে জাতিতাত্ত্বিক জাদুঘর

জাতিতাত্ত্বিক জাদুঘরের একটি কক্ষে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা সম্প্রদায়ের ঘরোয়া জীবন তুলে ধরা হয়েছে l প্রথম আলো
জাতিতাত্ত্বিক জাদুঘরের একটি কক্ষে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী চাকমা সম্প্রদায়ের ঘরোয়া জীবন তুলে ধরা হয়েছে l প্রথম আলো

মাটির দুই চুলায় হাঁড়ি চাপিয়ে রান্না করছেন সাঁওতাল নারী। পাশেই বসে দা দিয়ে কঞ্চি কাটছেন পুরুষটি। মায়ের পাশে দাঁড়ানো সাঁওতাল শিশু। পেছনে তাঁদের কাঁচাঘর। বাংলাদেশের সাঁওতাল জনগোষ্ঠীর ঘরোয়া জীবনের চিত্র এটি। আবার উল্টো দিকেই গারো জনজীবনের চিত্র। পিঠে শিশু নিয়ে গারো নারী। রয়েছে পাহাড়ি এলাকায় জুমচাষ বা মাচা ঘরে বসে থাকা চাকমা নারী-পুরুষের দৃশ্য।
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ এলাকায় দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘরে গেলে এমনটাই চোখে পড়বে। বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবনযাপন, সাংস্কৃতিক আচার, ঐতিহ্যের নমুনা সংরক্ষণের উদ্দেশ্যেই এই জাদুঘরের প্রতিষ্ঠা হয়েছে। ১৯৬৫ সালে নির্মিত জাদুঘরটি ১৯৭৪ সালে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয়। বর্তমানে জাদুঘরটিতে বাংলাদেশের ২৩টি জাতিগোষ্ঠীর পাশাপাশি পাকিস্তানের কয়েকটি জাতিগোষ্ঠীর নিদর্শন রয়েছে। বাঙালি জাতিসহ বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর জীবনযাপন, সাংস্কৃতিক আচার, পোশাক, অলংকারের নিদর্শন রয়েছে এতে। আলোকচিত্র, মডেল, নমুনার মাধ্যমে জাতিগোষ্ঠীগুলোর নিজস্বতা তুলে ধরা হয়েছে।
জাতিতাত্ত্বিক জাদুঘরের কর্মকর্তারা জানান, ভারতের কয়েকটি জাতিগোষ্ঠী, জার্মানির বার্লিন প্রাচীরের টুকরো, কিরগিজস্তান, অস্ট্রেলিয়া জাতিগোষ্ঠীর কিছু নিদর্শনও রয়েছে জাদুঘর কর্তৃপক্ষের কাছে। সংস্কারকাজের জন্য সাময়িকভাবে এগুলো সরিয়ে রাখা হয়েছে। ১ দশমিক ৩৭ একর জমির ওপর প্রতিষ্ঠিত জাদুঘরটিতে মোট ১১টি কক্ষ রয়েছে। এক নম্বর গ্যালারির প্রথম কক্ষে রয়েছে বাঙালি জাতিগোষ্ঠীর সংস্কৃতি, জীবনযাপনের বিভিন্ন চিত্র ও নমুনা। দ্বিতীয় কক্ষে উপস্থাপন করা আছে পাকিস্তানের পাঠান, পাঞ্জাবসহ চারটি জাতির পোশাক, হস্তশিল্প, অস্ত্র, বাদ্যযন্ত্রের নমুনা। জাদুঘরের কেন্দ্রীয় গ্যালারিতে রয়েছে বিভিন্ন জাতির ব্যবহৃত অলংকারের নিদর্শন। বাকি কক্ষগুলোতে বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীকে তুলে ধরা হয়েছে। বর্তমানে বিভিন্ন জাতিগোষ্ঠীর ৩ হাজার ২০০–এর মতো নিদর্শন আছে জাদুঘরটিতে।
জাদুঘরটি পাঁচ দশক পেরোলেও এর পূর্ণাঙ্গতা নিয়ে হতাশা রয়েছে বিশেষজ্ঞ ও দর্শনার্থীদের। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘরের সাবেক কিউরেটর শামসুল হোসাইন বাহাদুর প্রথম আলোকে বলেন, জাতিতাত্ত্বিক জাদুঘর একটি বিশেষায়িত জাদুঘর। কিন্তু বাংলাদেশে এ ধরনের একটি জাদুঘর চালানোর মতো প্রয়োজনীয় লোকবল আছে কি না এটি একটি বড় প্রশ্ন। জাতিতত্ত্ব নৃবিজ্ঞান–সংশ্লিষ্ট বিষয়। অথচ এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে আছে। জাদুঘরটিতে যেসব নিদর্শন রয়েছে বছরের পর বছর ধরে একইভাবে প্রদর্শন করা হচ্ছে। সময়ের সঙ্গে সঙ্গে প্রদর্শন–ব্যবস্থায় নতুনত্ব আনা উচিত।
অবশ্য জাদুঘর কর্তৃপক্ষ বলছে, জাদুঘর আধুনিকায়নের জন্য একটি প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। প্রকল্পটির নাম ‘চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘরের প্রদর্শনী উন্নয়ন, সংগ্রহ বৃদ্ধি ও আধুনিকায়ন’। তিন বছর মেয়াদি এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ২১ লাখ টাকা। ২০১৪ সালের জুলাইয়ে প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মেয়াদ আছে চলতি বছরের জুন পর্যন্ত।
প্রকল্পটির পরিচালক ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন বলেন, নিদর্শনগুলো আধুনিকভাবে প্রদর্শনীর ব্যবস্থা নেওয়া হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর নতুন নতুন নিদর্শন সংগ্রহ করা হচ্ছে। এ পর্যন্ত প্রায় সাড়ে তিন শ নতুন নিদর্শন সংগ্রহ করা গেছে। এগুলো জাদুঘরে প্রদর্শন করা হবে। জাদুঘরের ওপর ছোট ছোট পুস্তিকাও বের করা হবে।
জাদুঘর সূত্র জানায়, এই প্রকল্পের আওতায় জাদুঘরের মূল ফটকের ডানে একটি টিকিট কাউন্টার ও বামে একটি স্যুভেনির শপ (দোকান) নির্মাণ করা হয়েছে। জাদুঘরের ছাদ সংস্কার, ক্লোজ সার্কিট ক্যামেরা সংযোজন ও সার্বক্ষণিক বিদ্যুতের জন্য একটি বড় জেনারেটরও কেনা হয়েছে। এ ছাড়া একটি দোতলা অফিস ভবন ও ডরমিটরি নির্মাণ চলছে।
সম্প্রতি জাদুঘরটিতে ঘুরতে আসেন হাটহাজারীর বাসিন্দা আবদুর রহিম। প্রায় দুই দশক পরে তিনি আবারও জাদুঘরটি দেখতে এসেছেন। প্রথম আলোকে তিনি হতাশ কণ্ঠে বলেন, ২০ বছরে কোনো পরিবর্তন হয়েছে বলে তো মনে হচ্ছে না। তারপরও অবশ্য ঘুরে দেখতে ভালো লাগছে। আবদুর রহিমের সঙ্গে তাঁর ভাগনে আবু তাহের প্রথমবার এসেছেন। তিনি বলেন, জাতিগোষ্ঠীগুলোর একটা বিবরণমূলক ক্যাপশন থাকলে ভালো হতো।
জাদুঘরটিতে বাঙালি, চাকমা, মারমা, মুরং, সাঁওতাল, খাসিয়া, গারো, চাক, পালিয়া, কোচ, হদি, চাম্পুরা, খুমি, খ্যাংসহ বিভিন্ন জাতির সংস্কৃতি-ঐতিহ্যের বিভিন্ন নিদর্শন রয়েছে। আবার ওঁরাও, মান্দাই, রাজবংশী বা হাজং জাতির নিদর্শন বলতে শুধু কয়েকটি আলোকচিত্র দেয়ালে সাঁটানো অবস্থায় আছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রাহমান নাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘একটি দেশের সংস্কৃতির বৈচিত্র্য যথাযথভাবে উপস্থাপন এবং সংরক্ষণের জন্য জাতিতাত্ত্বিক জাদুঘরের একটি বড় ধরনের ভূমিকা রয়েছে। সে বিবেচনায় চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘরের ভূমিকা গুরুত্বপূর্ণ। কিন্তু যথাযথ উপস্থাপনা ও সংরক্ষণের বিষয়টি বিবেচনায় নিলে বলতে হয়, জাদুঘরটি কোনো কোনো ক্ষেত্রে খণ্ডিত ও অপর্যাপ্তভাবে তার দায়িত্ব পালন করছে। সংখ্যায় হয়তো অনেক জাতিগোষ্ঠী উপস্থাপন করা হয়েছে। কিন্তু একটি জাতির সামগ্রিকতার জায়গা থেকে এটি একেবারেই অপর্যাপ্ত।’
জাদুঘর কর্তৃপক্ষ জানায়, গড়ে প্রতিদিন ২০০ করে দর্শনার্থী জাদুঘরে আসছেন। এ বিষয়ে জাদুঘরের কর্মকর্তা আবু বকর সিদ্দিক বলেন, গত ডিসেম্বরে জাদুঘরটির সামনের বাগান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এতে জাদুঘরে দর্শনার্থী আসার সংখ্যাও বেড়েছে। জাদুঘরের মূল ফটকের সঙ্গে লাগোয়া একটি টিকিট কাউন্টারও চালু হয়েছে।
জাদুঘরটিতে জনবলের ঘাটতি আছে। ৩০টি পদের মধ্যে অর্ধেকই শূন্য। এর মধ্যে উপপরিচালকসহ প্রথম শ্রেণির তিনটি পদই খালি পড়ে আছে।